ঈশিতার নবম 'নীলপদ্ম'

এক বছর পর আবারও নাটক নির্মাণ করতে যাচ্ছেন রুমানা রশিদ ঈশিতা। ভালোবাসা দিবসের জন্য নির্মিতব্য এ নাটকটির নাম ‘নীলপদ্ম’। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন ঈশিতা। এটি তাঁর লেখা নবম টিভি নাটক।ঈশিতা জানিয়েছেন, ‘অভিনয়ের চেয়ে এখন সময়-সুযোগ বুঝে পরিচালনার কাজটাই বেশি করা হয়। সাধারণত বিশেষ দিবসের নাটকই বেশি নির্মাণ করে থাকি।’
নাটক লেখা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘সময় পেলেই লেখালেখি করার চেষ্টা করি। এর আগে আটটি টিভি নাটক লিখেছি। আমার লেখা প্রথম টিভি নাটকের নাম ‘‘নিঝুম অরণ্যে’’।’
‘নীলপদ্ম’ নাটকে অভিনয় করেছেন ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার সাজ্জাদ। তাঁর বিপরীতে রয়েছেন ভাবনা। আজ থেকে টানা তিনদিন পুবাইলে নাটকটির শুটিং করা হবে বলে জানিয়েছেন ঈশিতা।
গত বছর ভালোবাসা দিবসেও চ্যানেল আইয়ের জন্য একটি নাটক নির্মাণ করেছিলেন ঈশিতা। আনিসুল হকের লেখা নাটকটির নাম ‘ভালোবেসে বাঁচো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন নওশীন।