ঈশ্বর আমাকে পালোয়ান হতে দেননি, হাতে বাঁশি তুলে দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে অন্নপূর্ণা দেবীর (ওস্তাদ আলাউদ্দিন খাঁর মেয়ে, মাইহার ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা) পরিচয় গত শতকের পঞ্চাশের দশকের শেষ দিক। ডান হাত ছেড়ে বাঁ হাতে বাঁশি বাজানোর শর্তে অন্নপূর্ণার শিষ্য হলেন। এই শিল্পী নিজেই বললেন, ‘গুরু মার কাছে এখনো শিখছি...তাঁর আশীর্বাদ না পেলে কেমন করে বাঁচব...’। ঢাকায় উচ্চাঙ্গসংগীত উৎসবে বাজাতে এসে গত বছর ১ ডিসেম্বর প্রথম আলোকে এ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকার নিয়েছেন হারুন আল রশীদ

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ছবি: জিয়া ইসলাম
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ছবি: জিয়া ইসলাম

দেখলাম একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন। কথা বলছিলেন ইংরেজিতে। পরে আবার দেখলাম চমৎকার বাংলায় কথা বলছেন?
আমাকে প্রশ্ন করেছিল ইংরেজিতে। তো আমি কী করব! ইংরেজি উত্তর না দিলে লোকে ভাববে আমি ইংরেজি জানি না। তাই ইংরেজিতে বললাম। বলুন বলুন, বাংলাতেই বলুন। আমি ভালো বাংলা জানি।
বাজানোর সময় শ্রোতা-দর্শকের সঙ্গে কীভাবে যোগসূত্র তৈরি করেন?
বাজানোর সময় আমি আমার চোখ বন্ধ করে ফেলি এবং মনে করি প্রার্থনায় বসেছি। আসলে আমি বাজাই না, প্রার্থনা করি। আরও মনে করি, আমার সামনে কিছু মানুষ ধ্যানে মগ্ন। তাঁরা আমার প্রার্থনার সঙ্গে একাকার হয়ে আনন্দ পান। সেটা দেখে আমিও আনন্দ পাই।
ছোটবেলায় যখন কুস্তি লড়তেন, কেমন লাগত?
ভালোই ছিলাম। গ্যাসের সিলিন্ডার, প্রেশার কুকার ছিল না। বাড়িতে উনুনে রান্না হতো। ভালো ভালো জিনিস খেতাম। কোনো ধরনের রোগবালাই হতো না। এখন ওষুধ খেতে হয়। তখন মানুষ চিকিৎসকের বাড়ি তো দূরের কথা, চিকিৎসককেই চিনত না।
শুনেছি কুস্তি লড়ার কারণে নাকি আপনি লম্বা করে দম নেওয়ার শক্তি পেয়েছিলেন। যা পরে আপনাকে বাঁশি বাজানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছে।
সেটা সত্যি। ছোটবেলায় কুস্তি লড়ার কারণে আমি লম্বা করে দম নেওয়ার শক্তি পেয়েছি। সম্ভবত সেই কারণেই এখনো বাঁশি বাজিয়ে যাচ্ছি। কিন্তু কুস্তি লড়াটা আমার কাছে ভালো লাগত না। আমার বাবা পালোয়ান ছিলেন। তিনি চাইতেন আমিও পালোয়ান হই। বাবাকে সন্তুষ্ট করার জন্য কিছুদিন কুস্তি লড়লাম। কিন্তু শেষ পর্যন্ত ওটা আমার কাছে ভালো লাগেনি। আসলে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, পালোয়ানের ছেলে পালোয়ান হবে—এটা তো জগতের নিয়ম না। অনেকে আমাকে বলেন, আপনার বাড়িতে কোনো মিউজিশিয়ান ছিল না। আপনি কীভাবে মিউজিকের প্রতি আকৃষ্ট হলেন? আমি বলি, ঈশ্বরের পরিকল্পনা ছিল আমি বাঁশুরিয়া হব, তিনিই আমাকে পালোয়ান হতে দেননি, হাতে বাঁশি তুলে দিয়েছেন। তাই এখন বাঁশি বাজাই।
আপনার গুরু মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে পরিচয় কীভাবে?
পঞ্চাশের দশকের শেষের দিকে আমি অল ইন্ডিয়া রেডিওতে বাজাই। তখন আমি তাঁর সম্পর্কে জানি। তিনি তো আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। বাবা আলাউদ্দিন খাঁর মেয়ে, ওস্তাদ আলী আকবর খাঁর বোন। তখন আমি ডান হাতে বাজাতাম। গুরু মার কাছে শিখতে গেলে তিনি একটি কঠিন শর্ত দিলেন। বললেন, ডান হাত ছেড়ে বাঁ হাতে বাঁশি নিতে পারলে তিনি আমাকে শেখাবেন। মায়ের নির্দেশ তো আর অমান্য করতে পারি না। কারণ অমান্য করলে তো আমার কিছুই শেখা হবে না। তাই কঠিন শর্তটা মেনে বাঁ হাতে বাঁশি নিলাম। সেই থেকে বাঁ হাতে বাজাচ্ছি।
অন্নপূর্ণা দেবীর ব্যাপারে কিন্তু উচ্চাঙ্গসংগীত রসিকদের বেশ কৌতূহল আছে।
এখন তাঁর শরীরটা ঠিক নেই। সাতাশি বছর বয়স হয়ে গেছে। মুম্বাইতে থাকেন। এখান থেকে গিয়ে ওনার সঙ্গে দেখা করব। আশীর্বাদ নিতে হবে। ওনার আশীর্বাদ না পেলে কী করে বাঁচব?
আপনার জানামতে অন্নপূর্ণা দেবীর কোনো বাজনা কি কখনো রেকর্ড করা হয়েছে?
না। আজ অবধি ওনার কোনো বাজনা কেউ রেকর্ড করতে পারেনি। উনি কারও সঙ্গে দেখা করেন না। সাংবাদিকেরা অনেক চেষ্টা করেও তাঁর কোনো সাক্ষাৎকার নিতে পারেননি। ওসব ওনার ভালো লাগে না।
প্রথম মঞ্চে বসলেন কবে?
১৯৫৪ সালে এলাহাবাদে।
কী রাগ বাজিয়েছিলেন?
সব নতুন শিল্পীরা যা করে, ইমন রাগ বাজিয়েছিলাম। তখন আমি ইমন শিখছিলাম। সেই অনুষ্ঠানে মানিক ভার্মার গান করার কথা ছিল। আমি গিয়েছিলাম তাঁর গান শুনতে। শুনলাম তাঁর ট্রেন বিলম্বে আসবে। তাই দূরে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ আয়োজকদের কয়েকজন এসে আমাকে ধরল বাজানোর জন্য। কারণ তখন মঞ্চে বসানোর মতো কোনো শিল্পী তাদের হাতে ছিল না। আমি ভয় পেলাম। রাজি হলাম না। কিন্তু তাঁরা আমাকে জোর করে ধরে নিয়ে ধাক্কা দিয়ে মঞ্চে তুলে দিল। সে এক মজার অভিজ্ঞতা। ভুলবার নয়। আমার পরনে ছিল হাফপ্যান্ট আর টি-শার্ট। বাজাতে শুরু করলাম। যখন মানিক ভার্মা এসে পড়লেন, তখন ওরা বলল, খোকা এবার ওঠে পড়ো।
ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজন কেমন লাগে?
ষাট বছর ধরে বাজাচ্ছি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানুষ শাস্ত্রীয় সংগীত শোনার জন্য বসে থাকছে, ছোট ছোট বাচ্চারাও বিরক্ত না হয়ে বসে থাকছে। এমন মিউজিক লাভার কোথাও দেখিনি। ভারতের কথা ছেড়ে দিন। বাইরেও দেখিনি। কী করে বেঙ্গল এত বড় আয়োজন ম্যানেজ করে, এটা আমার কাছে বড় বিস্ময়। ভোরের দিকে আমি বাজালাম। যে পরিমাণ লোক দেখলাম, তা আগেরবারের চেয়ে অনেক বেশি। আগামীবার হয়তো দাঁড়ানোর জায়গাও থাকবে না।
বাংলাদেশের মানুষ আপনার নামে প্রায় পাগল। শিষ্য পেলে শেখাবেন?
আমি তো শেখাতে চাই। কিন্তু কেউ কি আমাকে গুরুকুল তৈরি করে দেবে? আমি তো গরিব মানুষ। গুরুকুল তৈরির টাকা পাব কোথায়? বেঙ্গল ফাউন্ডেশন গুরুকুল তৈরি করেছে। যদি সুযোগ হয়, শেখানোর জন্য আসব। আর যদি আসি সবার সঙ্গে বসব। যারা বাঁশি বাজাবে, তাদের সঙ্গে বসব। যারা বাজাতে জানে না, তাদের সঙ্গেও বসব। যারা এত সংগীতপাগল, তাদের সঙ্গে না বসলে কি চলে!
এ প্রজন্ম যে গান শুনছে, সেটা কি আপনার কাছে ভালো লাগে?
বাচ্চারা ‘ইয়ো ইয়ো সং’ পছন্দ করে। কিন্তু এসব গান আমার কাছে ভালো লাগে না। একটা সময় ছিল যখন আমরা আনারকলি, বৈজু বাওরাজাতীয় ভালো সিনেমার গান শুনতাম। কে এল সায়গল, লতা মুঙ্গেশকর, মোহাম্মদ রফি, সুরাইয়া, তালাত মাহমুদরা গাইতেন। সুর করতেন সি রামচন্দ্র, নওশাদ, শঙ্কর-জয়কিষেণ, হেমন্ত কুমাররা। এখন তো সেইসব গান কেউ করতে পারছে না। করতে পারছে না বলেই ‘ইয়ো ইয়ো সং’ হচ্ছে। বাচ্চারা এটা না শোনে যাবে কোথায়? এসব গান-বাজনা কখনো দীর্ঘস্থায়ী হবে না। পাবলিক এখন শুনছে, একসময় আর শুনবে না। বাচ্চারাও ‘ইয়ো ইয়ো সং’ ছেড়ে ভালো জিনিস শুনবে।