উং সানের গানে কোরিয়ার স্পন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় কোরিয়ান শিল্পীদের জ্যাজ সংগীত পরিবেশনা l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় কোরিয়ান শিল্পীদের জ্যাজ সংগীত পরিবেশনা l প্রথম আলো

‘চায়নিজ না জাপানিজ—তা দিয়ে কাজ কী?’ নাট্যশালায় ঢোকার পথে বললেন একজন দর্শক। নাট্যশালার মূল মঞ্চে ততক্ষণে প্রস্তুত সাজানো বাদ্যগুলো, ওপরে জ্বলছে রঙিন বাতি। উপস্থাপিকার আহ্বানে পাঞ্জাবি পরে মঞ্চে উঠে এলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। গান শোনার জন্য অপেক্ষমাণ দর্শকদের সম্ভাষণ জানিয়ে সংগীতসন্ধ্যা আয়োজনের কারণ জানালেন তিনি। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ৪৩ বছরে গড়িয়েছে দেশটির। এ উপলক্ষেই এই সংগীতানুষ্ঠান। এতে যে শিল্পী গাইবেন, তাঁর সম্পর্কেও দুটি কথা বলে গেলেন।
মঞ্চে এলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় শিল্পী উং সান। কোনো কথা না বলেই তিনি শুরু করলেন ‘নাথিং কমপেয়ার টু ইউ’ গানটি। দর্শকদের সাড়াও পেলেন দারুণ। কেননা, ইংরেজি গানের সঙ্গে বেজে চলেছে জ্যাজ মিউজিক, যা পৃথিবীর প্রায় সব দর্শকের চেনা ও পছন্দের।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘চার্ম অব কোরিয়া-৭, উং সান জাজ স্টোরি’ অনুষ্ঠানটির আয়োজক কোরিয়ান দূতাবাস। আয়োজনে সহযোগিতা করেছে শিল্পকলা একাডেমী, কোরিয়ান রপ্তানি প্রস্তুতকরণ এলাকা, ইন্ট্রাকো, পিএইচপি ও ইয়ংগন।
প্রধান অতিথি হিসেবে গান শুনতে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ছিলেন বাংলাদেশে কোরিয়ান রাষ্ট্রদূত লি-ইয়ান-ইয়ং।
আসাদুজ্জামান নূর বলেন, দক্ষিণ কোরিয়া অনেক বড় একটি দেশ। প্রায় ৯০টি শহর এর। অর্থনৈতিকভাবে দেশটি দারুণ এগিয়েছে। পাশাপাশি সাংস্কৃতিকভাবেও এগিয়েছে।
উং সান দক্ষিণ কোরিয়া তথা এশিয়ার জনপ্রিয় জ্যাজ শিল্পীদের একজন। ইংরেজি গানের পাশাপাশি দর্শকদের হতবাক করে দিয়ে সান প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়ে ওঠেন। তুমুল করতালিতে দর্শকেরা স্বাগত জানান তাঁকে। একটি কোরীয় ভাষার গানের পাশাপাশি সান ও তাঁর ব্যান্ড দল ইয়ো সয় মারিয়া, মিস্টার ব্লুস, হেল্প মি মেক ইট থ্রো দ্য নাইট, মার্সি, সামারটাইম, ইয়েস্টারডে, আই উড র্যা দার গো ব্লাইন্ড, হে বারট্রেন্ডার, ভোলারে গানগুলো গেয়ে শোনান। গানের ফাঁকে মঞ্চ থেকে নেমে দর্শকদের কাছাকাছি এসে নেচে নেচে গান শোনান সান। এ ছাড়া ‘আসসালামুয়ালাইকুম’ বলে সম্ভাষণ জানিয়ে চমকেও দেন সবাইকে।
উং সান নিজের দেশে কোরিয়ান ফোক ও ধ্রুপদি গান করেন। গান গাওয়া, গান লেখা ছাড়াও গানের ভিডিওতে অভিনয়ও করেন তিনি। পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। তাঁর স্বপ্ন এশিয়ার বাইরের বিভিন্ন দেশে গান করা।
গান ছাড়াও স্যাক্সোফোন বাজিয়ে শোনান তাঁর দলের জাংচিক লি।