উইনিংয়ের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইনিং ব্যান্ডের ২৯ বছর পূর্তি হলো এ বছর। ব্যান্ডের কার্যক্রম নেই তো কী হয়েছে, এই সময়টাকে উদ্যাপন করার জন্য নানা কর্মসূচি নিয়েছেন এর সদস্যরা। উইনিংয়ের অন্যতম সদস্য ইমন জানান, বছর দশেক ধরে এ দেশে কোনো কনসার্টে অংশ নেয়নি উইনিং। ব্যান্ডের কয়েকজন সদস্য এখন স্থায়ীভাবে কানাডায় আছেন। তাঁরা উইনিং নামে বিভিন্ন কনসার্টে গান করেছেন। ঢাকায় যাঁরা আছেন, তাঁদের অনেকেই গান করছেন এককভাবে কিংবা অন্য ব্যান্ডে। রজতজয়ন্তী উপলক্ষে উইনিংয়ের সব সদস্য আবার জড়ো হয়েছেন। ১৩ মে রূপসী বাংলার (হোটেল শেরাটন) উইন্টার গার্ডেনে আয়োজন করা হয়েছে উইনিংয়ের পুনর্মিলনী কনসার্ট। ইমন জানান, উইনিংয়ের পুনর্মিলনী কনসার্টে অংশ নিতে গতকাল শনিবার দেশে ফিরেছেন চন্দন, বিপ্লব ও শেলী। কিছুদিন আগেই ফিরেছেন রঞ্জন ও মাহবুব। এ ছাড়া হায়দার হোসেন, টিপু, মোরশেদ, রাসেল, ইমন, বাবু, রেজাসহ আরও কয়েকজন দেশেই আছেন। আজ রোববার থেকে শুরু হচ্ছে মহড়া। ইমন জানান, ১৩ মে সন্ধ্যা ছয়টায় শুরু হবে কনসার্ট। এখানে উইনিংয়ের গানগুলোই করবেন তাঁরা। কনসার্টের টিকিটের জন্য বাড়ি-৪৭, সড়ক-৬, ব্লক-সি, গুলশান-১ ঠিকানায় অথবা ০১৭১৭৮৮৩৬২৮ ও ০১৯২২৫৫৫৪৪৪ নম্বরে যোগাযোগ করতে হবে।