উইল স্মিথ যেন জানতেন তাঁর দিকেই সবচেয়ে বেশি ধেয়ে আসবে সাংবাদিকদের প্রশ্নবাণ। পেদ্রো আলমোদোভার আর পাওলো সরেন্তিনোর মতো বাঘা বাঘা দুই নির্মাতার পাশে কানের বিচারক হিসেবে তিনি যে খানিকটা হলেও ‘হংস মাঝে বক যথা’—সেটা আর আলাদা করে বলে দিতে হয় না।
সেই অস্বস্তি থেকে বাঁচতেই যেন হলিউড সুপারহিরো আগেভাগেই তৎপর। সংবাদ সম্মেলনে ঢুকলেন মহা ফুর্তিবাজের ভঙ্গিতে। চেয়ার টেনে বসার আগেই কয়েকবার চিৎকার করে জানিয়ে দিলেন, ‘হ্যাই, আই অ্যাম উইল স্মিথ। হ্যাই, আই অ্যাম উইল স্মিথ।’
ছবির জন্য ঝাঁপিয়ে পড়া সাংবাদিকেরা সামনে থেকে সরতে চাইছেন না কিছুতেই। উইল চিৎকার করে ডাকলেন, ‘সিকিউরিটি! সিকিউরিটি!’ অন্য কেউ তাঁর রসিকতায় হাসলেন কি না থোড়াই কেয়ার। নিজের রসিকতায় উইল নিজেই হেসে কুটি কুটি।
সব মিলিয়ে বাস্তবের উইল স্মিথ যেন অবিকল তাঁরই ব্যাড বয়েজ সিনেমার কোনো চরিত্র। অথবা হ্যানকক ছবির সেই অঘটনঘটনপটীয়সী দুর্ভাগা সুপারহিরোর সঙ্গে বাস্তবের উইল স্মিথের বুঝি খুব বেশি তফাত নেই।

এসব ঠাট্টা-তামাশার বাইরে উইল অবশ্য ঘোষণা দিয়েছেন, ‘কান ইজ দ্য আলটিমেট ফেস্টিভ্যাল।’ সোজা বাংলায় চলচ্চিত্র উৎসবের দুনিয়ায় কানের চেয়ে উৎকৃষ্ট আর কিছু হয় না।
প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট স্পেনের খ্যাতিমান নির্মাতা পেদ্রো আলমোদোভার গতকালের (বুধবার) এই বিচারকদের সংবাদ সম্মেলনে দেখা দিয়েছেন তাঁর চেনা রূপেই। কালো চশমায় ঢাকা চোখ। বেশ খানিকক্ষণ বসে ছিলেন চুপচাপ। পাশে বসা হলিউডের আরেক প্রতিনিধি জেসিকা চেস্টেইনের সঙ্গে কী যেন আলাপ শুরু করলেন। তারপর জানালেন, ‘আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি জেসিকা এবং বাকি সবার সঙ্গে এই আসরে বসতে পেরে।’
মারিয়ন কোতিয়াহ ও ব্র্যাড পিট প্রসঙ্গ
অপ্রিয় প্রশ্নটা কি করা যায় মারিয়ন কোতিয়াহকে? ফরাসি অভিনেত্রী সফেদ পোশাকে বরাবরের মতোই অপরূপা। বসে আছেন চোখের সামনে। মনে পড়ছে ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের সময়ে নিন্দুকেরা কি বাজেভাবেই না ভিলেন বানিয়েছিল মারিয়নকে। স্বাভাবিকভাবেই এই গুজব শুরু থেকেই অস্বীকার করে এসেছেন তিনি। ব্র্যাড পিটের প্রসঙ্গ না তুলে কীভাবে প্রশ্নটা করা যায়? অবশেষে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্নটা করলাম। সেটা খুব জুতসই হলো না।
‘আপনার বিপরীতে এ পর্যন্ত যাঁরা অভিনয় করেছেন তাঁদের মধ্যে আপনার প্রিয় অভিনেতা কে? আপনার কোনো প্রিয় জুটি কি আছে?’
যথারীতি সুন্দর একটা হাসি দিয়ে ইনিয়ে-বিনিয়ে নানা কিছু বললেন। কিন্তু ব্র্যাড পিট প্রসঙ্গ ভুলেও নয়। একবার মনে হলো তাঁকে ওই কুখ্যাত গুজবের কথাটা মনে করিয়ে দিই! পরে মনে হলো থাক। ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।’
আপাতত বড় খবর হলো, কানের উদ্বোধনী ছবি ইজমায়েলস ঘোস্ট-এ অভিনয় করেছেন মারিয়ন।
গতকাল সকালে এই ছবির ‘প্রেস শো’ দিয়ে শুরু হয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের কার্যক্রম।