উইলিয়ামের ইচ্ছাপূরণে ঘোড়সওয়ারি কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়ায় এলার্জি থাকলেও, স্বামী প্রিন্স উইলিয়ামের ইচ্ছে পূরণ করতে ঘোড়া চালানো শিখছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন প্রিন্স উইলিয়াম। বরাবরই তিনি চেয়েছেন, ঘোড়ায় চেপে বেড়ানোর সময় তাঁর সঙ্গী হবেন কেট। কিন্তু ঘোড়ার কাছাকাছি এলেই এলার্জির সমস্যা দেখা দেয় কেটের। এজন্য এতদিন এই বিদ্যা রপ্ত করা হয়ে ওঠেনি তাঁর। কিন্তু যে কোনো মূল্যে উইলিয়ামকে খুশি রাখতে চান কেট। মূলত এ কারণেই তিনি ঘোড়া চালানো শিখছেন। সূত্রটি আরও জানিয়েছে, ঘোড়া চালানো শেখার আগে থেকেই প্রিন্স উইলিয়ামের নামে একটি ঘোড়া বরাদ্দ ছিল। মা প্রিন্সেস ডায়ানাকে ঘোড়া চালানো দেখতে দেখতেই বড় হয়েছেন তিনি। এজন্য শৈশব থেকেই ঘোড়ার প্রতি বিশেষ দুর্বলতা আছে উইলিয়ামের। এ ছাড়া ব্রিটিশ রাজ পরিবারের অনেক কর্মকাণ্ডের সঙ্গেই ঘোড়া চালানোর বিষয়টি সম্পৃক্ত। স্বামী এবং পরিবারের সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করার উদ্দেশ্যে কঠিন এ কাজটি শেখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কেট।২০১১ সালের ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে হয় কেট মিডলটনের। চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেটের অর্ধনগ্ন ছবি ফাঁস হয়ে গেলে দারুণ এক বিব্রতকর অবস্থায় পড়ে যায় ব্রিটিশ রাজ পরিবার।