উইলিয়ামের কাছে ক্ষমা চাইছেন কেট!
যুক্তরাজ্যভিত্তিক ‘ক্লোজার’ ম্যাগাজিনের ফরাসি সংস্করণে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের বেশ কয়েকটি বিবসনা ছবি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এরপর কেটের এসব ছবি একে একে প্রকাশিত হয় আয়ারল্যান্ডের ‘ডেইলি স্টার’ পত্রিকাসহ ইতালি ও ডেনমার্কের দুটি ম্যাগাজিনে। সম্প্রতি এক খবরে ‘ওকে’ ম্যাগাজিন জানিয়েছে, এ ঘটনায় নিদারুণ লজ্জিত কেট বারবার ক্ষমা চাইছেন প্রিন্স উইলিয়ামের কাছে। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্রিটেনের ভবিষ্যতের রানি কেট মিডলটন বারবার ক্ষমা চাইছেন ডিউক অব কেমব্রিজ উইলিয়ামের কাছে। কেট মনে করছেন, এসব বিবসনা ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর সুনামের আর কিছুই বাকি নেই। এসব ছবি প্রকাশিত হওয়ায় স্বামী প্রিন্স উইলিয়াম ও ব্রিটিশ রাজপরিবারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার জন্যও নিজেকে দায়ী মনে করছেন কেট। এ ঘটনায় তিনি নিজেও যারপরনাই বিব্রত। ২০১১ সালের এপ্রিলে কেট মিডলটনকে বিয়ে করেন প্রিন্স উইলিয়াম। কিছুদিন আগে ফ্রান্সে রানি এলিজাবেথের ভাগনে লর্ড লিনলির শ্যাতোতে ছুটি কাটাতে গিয়েছিলেন কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম। সেখানে অবকাশ যাপনরত এ দম্পতির একান্ত মুহূর্তের খোলামেলা ছবি প্রকাশ করে ‘ক্লোজার’ ম্যাগাজিন। ক্যামেরায় শক্তিশালী লেন্স লাগিয়ে অনেক দূর থেকে ছবিগুলো তোলায় কেট ও উইলিয়াম বিষয়টি টের পাননি। পরে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ‘ক্লোজার’ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ফ্রান্সে মামলা করা হয়। মামলায় কেট ও উইলিয়ামের পক্ষে রায় দেন ফ্রান্সের একটি আদালত। রায়ে বলা হয়, ছবিগুলো অবশ্যই ‘ক্লোজার’ ম্যাগাজিনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হবে। এ ছাড়া সব ছবির ডিজিটাল কপি কেট ও উইলিয়ামকে ফিরিয়ে দিতে হবে। মামলার রায়ে আরও বলা হয়, ভবিষ্যতে প্রিন্ট, অনলাইন কিংবা অন্য কোথাও কেটের ছবিগুলো ছাপানো যাবে না। অন্য কোনো ম্যাগাজিন কিংবা খবরের কাগজকেও ছবিগুলো সরবরাহ করতে পারবে না ‘ক্লোজার’ ম্যাগাজিন। শুধু তা-ই নয়, এই মামলা চালাতে কেট-উইলিয়ামের যাবতীয় ব্যয় নির্বাহের আদেশও দেওয়া হয় ওই ম্যাগাজিনকে।