উগ্রবাদ-হিংসার বিরুদ্ধে শান্তির বাণী

গত বৃহস্পতি থেকে রোববার। এ চার দিন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজা যেন পরিণত হয়েছিল বাউলসাধক ও ফকিরদের একখণ্ড পুণ্যভূমিতে। বিশাল প্লাজায় বসেছিল গান গেয়ে মানবপ্রেমের কথা বলা এই সাধকদের ছোট ছোট আখড়া। সকাল থেকে বিকেল পর্যন্ত চলেছে সাধুসঙ্গ। সন্ধ্যায় অতিথি, বাউল গুরু-শিষ্যের আলাপচারিতার সঙ্গে সমানতালে চলেছে গান-বাজনা। যাঁরা অতীতে কুষ্টিয়ার লালনের আখড়া ছেঁউড়িয়ায় গেছেন, তাঁরা হয়েছিলেন স্মৃতিকাতর। বলেছেন, এ যে এক টুকরো ছেঁউড়িয়া! যাঁদের কখনো যাওয়া হয়নি ছেঁউড়িয়ায়, তাঁরা পেয়েছেন আখড়ার স্বাদ।
প্রস্তুতি চলছিল বেশ কয়েক দিন আগে থেকেই। শিল্পকলা একাডেমিতে বাউলেরা যাওয়া-আসা করছিলেন। অনুষ্ঠানস্থলের সাজসজ্জাও ছিল ব্যতিক্রমী। আখড়ার জন্য ওদিক-ওদিক চারপাশ খোলা ছোট ছোট খড়ের ছাউনি। বৈদ্যুতিক লাইটের বদলে হারিকেন ছিল ছাউনির চার কোনায়। সেখানে সাধকেরা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন গান করে। কখনো গুরু-শিষ্য আড্ডায় মেতেছিলেন। তরুণ থেকে বৃদ্ধ—সবার হাতেই ছিল বাদ্যযন্ত্র। কারও হাতে একতারা, ডুগডুগি, খমক। কেউ নিয়ে এসেছিলেন ঢোলক, সারিন্দা, দোতারা। নিজের বাদ্যযন্ত্রটিকে যত্ন-আত্তি করে সময় কাটাতে দেখা গেছে কখনো কখনো। পরনে ধবধবে সাদা জামা। কারও কারও মাথায় বর্ণিল পাগড়ি, গলায় গামছা।
মূল মঞ্চটি আরও চোখে পড়ার মতো। পেছনে দুই পাশে বাঁশঝাড়। মাঝে লালনের চিরচেনা প্রতীকী ছবিটি। মেঝেতে খড় বিছানো। খড়ের ওপর হোগলা বিছানো হয়েছে বসার জন্য। সন্ধ্যায় সেখানে সারি বেঁধে সাধকেরা শিষ্যদের নিয়ে বসেছেন।
গুরু-শিষ্য, সাধকের এই আয়োজন দেখে যে কারও মনে ধরবে। অনুষ্ঠানস্থলে আগত একজন ভক্ত আফসোস করে বলেন, ‘আহা, এই নিরীহ মানুষগুলার ওপর অত্যাচার করা হয়, চুল কেটে দেওয়া হয়। আস্তানা জ্বালিয়ে দেওয়া হয়!’
কাছাকাছি গেলে বাউলেরা আগ্রহ নিয়ে কথা বলেন। ফকির হৃদয় সাঁই বলেন, ‘একজন বাউল সাধকের কোনো জাগতিক চাওয়া-পাওয়া নেই। গুরুভক্তির মাধ্যমে সত্যকে ধারণ করে খুঁজে নেয় শান্তির পথ। অথচ সেই শান্তিপ্রিয় মানুষগুলোকে শুধু গান গাওয়ার অপরাধে প্রায়ই অহেতুক নির্যাতনের শিকার হতে হয়। আমাদের শব্দ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাউল গান গাইতে গেলে বাধার মুখে পড়তে হয়। এভাবেই মানুষরূপী অমানুষদের অপতৎপরতায় ষড়যন্ত্রে লালনের গান তথা মানবতা ও শান্তির দর্শন।’
সারা দেশের জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে মানবতাবাদী দর্শনের এই গান। বলছিলেন বাউলগুরু পাগলা বাবলু। তিনি বলেন, কর্মশালাসহ নানা আয়োজনে নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার বীজটি বুনে দিতে হবে। তাহলেই এই দেশ মৌলবাদের অন্ধকার থেকে বেরিয়ে খুঁজে পাবে আলোর পথ।
একই সুরে কথা বললেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। বলেন, লালনের দর্শনই বাঁচাতে পারে উগ্রবাদের আক্রান্ত বিশ্বকে। তিনি বাউলদের যেন নির্যাতিত না হতে হয়, সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। মূল আবেদন ঠিক রেখে লালন আখড়ার সংস্কারের কথাও জানালেন তিনি।
চার দিনের আয়োজনের প্রথম দিন সন্ধ্যায় ছিল ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শীর্ষক মরমি গানের আসর। দ্বিতীয় দিন ১২ আগস্ট পরিবেশিত আসরের শিরোনাম ছিল ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। ১৩ আগস্ট তৃতীয় দিন পরিবেশিত হয় ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ শীর্ষক গানের আসর। ওই দিন সকালে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাউল সংগীত সংরক্ষণবিষয়ক আলোচনা হয়।
১৪ আগস্ট মানবতার গান গেয়ে পদযাত্রা বের করেন বাউলেরা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ পদযাত্রা একাডেমি থেকে বেরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
চার দিনের সফল এ আয়োজন শেষে ভুল হবে না যদি বলা হয়, উগ্রবাদের আগ্রাসনের অস্থির সময়ে আবারও সংস্কৃতিসেবীদের আশ্রয় হলো ফকির লালন সাঁইয়ের কাছে। অনেক বেশি প্রাসঙ্গিকতা নিয়ে সামনে এল লালন ফকিরের মানবতার বাণী।