উগ্রবাদের বিরুদ্ধে অস্ত্র থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার হচ্ছে সংলাপ। সংলাপের মধ্য দিয়ে বিশ্বের সব সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন থিয়েটারের মানুষেরা। এশীয় অঞ্চলের থিয়েটার প্রতিষ্ঠানগুলোর শিল্পী ও গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের এশিয়ান থিয়েটার সামিট।

আজ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে থিয়েটার নিয়ে সেইভাবে যোগাযোগ স্থাপিত হয়নি। সে ক্ষেত্রে এশিয়ার বিভিন্ন দেশ থেকে থিয়েটারের মানুষেরা আমাদের এখানে জড়ো হওয়াটা আমাদের জন্য একটি বড় সুযোগ।’ থিয়েটারকে বিশ্বব্যাপী উগ্রবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অমানবিকতার বিরুদ্ধে থিয়েটারকে আরও বেশি শক্তিশালী করতে হবে আমাদের।’

আদিবাসী নৃগোষ্ঠীর নাচের মধ্যদিয়ে শুরু হয় এশিয়ান থিয়েটার সামিট
আদিবাসী নৃগোষ্ঠীর নাচের মধ্যদিয়ে শুরু হয় এশিয়ান থিয়েটার সামিট


সেমিনার কক্ষে আট নৃগোষ্ঠীর শিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, সিঙ্গাপুরের চাইনিজ অপেরা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক চুয়া সু পং, বিশ্ব আইটিআই-বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। উপস্থিত ছিলেন ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ফিলিস্তিন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া এবং ইরানের সংস্কৃতি ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছিল বাউলগান ও সেমিনার। এতে এশিয়ান থিয়েটারের ঐতিহ্য ও প্রবণতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আবদুস সেলিম, ইরানি চলচ্চিত্র ও থিয়েটার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাইয়েদ মৌজা হোসেইনি এবং দক্ষিণ ও পূর্ব এশিয়া ঐতিহ্যবাহী থিয়েটারের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে প্রবন্ধ পড়েন চুয়া সু পং। পরে লিয়াকত আলীর নির্দেশনায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা নাটকটি মঞ্চস্থ করে লোক নাট্যদল। আজ দিনব্যাপী থাকবে সেমিনার।
আগামীকাল শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি অতিথিরা নিজেদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন। পাশাপাশি তাঁরা অংশ নেবেন সংস্কৃতিবিষয়ক এক তুলনামূলক আলোচনায়। দুপুরে প্রবন্ধ ‘ইন্ডিজেনাস থিয়েটার অব দ্য সার্ক রিজিওন: নিউ ডিরেকশনস’ উপস্থাপন করবেন নাট্যব্যক্তিত্ব অংশুমান ভৌমিক। মার্গ নাট্যের প্রায়োগিক কলাকৌশল নিয়ে কথা বলবেন ভারতের পিয়াল ভট্টাচার্য। সেমিনারের পাশাপাশি ৫ ও ৬ মে একাডেমির জাতীয় নাট্যশালার ৩ নম্বর মহড়াকক্ষ, সেমিনারকক্ষ, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, স্টুডিও থিয়েটার মিলনায়তনে দুই দিনই থাকবে বাউলগান, চর্যানৃত্য, গৌড়ীয় নৃত্য, শিশুনৃত্য ও নাটক। লাওস, কম্বোডিয়া ও মালয়েশিয়া থেকে আসা দলগুলোর পরিবেশনাও থাকছে এ সম্মেলনে।
ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশন (আইআটা)-এর এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দুই দিনের সম্মেলনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়।