নাট্যকার কাল সকালেই ঢাকা ফিরে যাবেন। তাই সবার আগ্রহ মহড়ার চেয়ে তাঁর কথা শোনার প্রতি। নাট্যকারও মনে মনে তা-ই চাইছিলেন। নির্দেশকের উসকানিতে শুরু হয়ে গেল নাট্যকারের কথা বলা, আমি যে কথাগুলো বলেছি, তার একটিও আমার মৌলিক বক্তব্য নয়। মহড়াকক্ষে বসে বিভিন্ন নাট্যকার, নির্দেশক আর অভিনেতার কাছ থেকে এসব জেনেছি। আমার মতে, নাটক শেখার সবচেয়ে বড় ক্লাস হলো মহড়াকক্ষ। নাট্যকার একটু থেমে দম নিয়ে বলতে শুরু করলেন, থিয়েটার হলো যোগাযোগ। এই যোগাযোগ আমরা করি বাচনিক আর অবাচনিক প্রক্রিয়ায়। কাল আমরা কথা বলছিলাম অবাচনিক ভাষা নিয়ে। অবাচনিক ভাষাকে ননভারবাল ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। সে যা-ই হোক, বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় দেখতে পেয়েছেন, দেশ-কাল-জাতি-সংস্কৃতিভেদে অবাচনিক ভাষায় পার্থক্য দেখা গেলেও রাগ, ভয়, ঘৃণা, আনন্দ, বিষাদ ও বিস্ময়—এ কয়টি অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পৃথিবীর তাবৎ মানুষের অভিব্যক্তি এক। এগুলো প্রকাশে মানুষের মুখের অভিব্যক্তি সর্বজনীন।নাট্যকারের কথার মধ্যে একজন অভিনেতা হাত তুলে জানতে চাইলেন, মানুষ এসব অবাচনিক ভাষার ব্যবহার সাধারণত কখন করে? উত্তরটা যেন নাট্যকারের তৈরি করাই ছিল, বিজ্ঞানীর তাঁদের গবেষণায় দেখতে পেয়েছেন, নাট্যকার আর কথা শেষ করতে পারলেন না, নির্দেশকের মোক্ষম খোঁচা, আপনি সব সময় বিজ্ঞানী, গবেষণা—এসব উদাহরণ দিয়ে কথা বলেন কেন? নাট্যকার নির্বিকার। খোঁচাটা হজম করলেন—আমি তো শুরুতেই বলেছি, আমার নিজস্ব কোনো ভাবনা নেই। অন্যের কথা ফেরি করে বেড়াই। যা হোক, যা বলতে চাইছিলাম তা হলো, গবেষণায় দেখা গেছে, পাঁচটি প্রাথমিক ক্ষেত্রে মানুষ অবাচনিক দেহগত আচরণ করে থাকে। এগুলো হলো ১. আবেগ প্রকাশের ক্ষেত্রে ২. আন্তব্যক্তিক দৃষ্টিভঙ্গির প্রকাশে ৩. বক্তার বক্তব্য অনুসরণ, শ্রোতার দৃষ্টি আকর্ষণ ও পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে, ৪. ব্যক্তির ব্যক্তিত্ব উপস্থাপন করতে গিয়ে ৫. সামাজিক আচার-আচরণ (সালাম, আদাব) প্রকাশের ক্ষেত্রে।একজন উৎসাহী সদস্য নাট্যকারকে প্রশ্ন করে বসলেন, এগুলো কি স্বাভাবিকভাবেই ঘটে? নাট্যকারের সহজ উত্তর, হ্যাঁ, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। কণ্ঠনিঃসৃত ভাষা যেমন নিজস্ব বিন্যাসে তৈরি, দেহের ভাষাও তেমনি। দেহ কথা বলে এবং তা অনুভবও করে। প্রতিদিনের অভ্যাসের মতোই তা দেহে জন্ম নেয় এবং অনুকূল পরিবেশে পরিপুষ্ট হয়। দেহকে কেন্দ্র করেই তার প্রকাশ। কখনো তা কান্নার ভাষা, কখনো হাসির, কখনো মুগ্ধতার, কখনো ভয়ের, কখনো বা আমন্ত্রণের।মুখের ভাষার সঙ্গে অবাচনিক ভাষার কথা বলতে গিয়ে আমি শুধু দেহভাষার কথাই বলছি। অন্যগুলো সম্পর্কে তেমন কিছু বলিনি। হয়তো অন্য কোনো দিন বলতে পারব। যা হোক, যে কথা বলতে চাইছিলাম তা হলো, অভিনেতার জগতে মুখের ভাষা আর দেহের ভাষা—দুটোই গুরুত্বপূর্ণ। মুখের ভাষা যদি ভাবনা, আবেগ ও অনুভূতিকে প্রকাশ করে, তবে দেহের ভাষা বহু জটিল অনুভূতিকে প্রকাশ করতে সাহায্য করে। তাই অভিনেতাকে মুখের ভাষার সঙ্গে সঙ্গে দেহের ভাষাও আয়ত্ত করতে হয়।নির্দেশক কিছু বলার জন্য উসখুস করছিলেন। তাই নাট্যকারের মুখ থেকে অনেকটা কেড়ে নিয়েই বলতে থাকেন—এ কথাই আমি বহুবার বলতে চেয়েছি। আমাদের প্রাত্যহিক জীবনে মুখের ভাষার সঙ্গে দেহের ভাষার প্রকাশ ঘটে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে। কথা বলার সময় হাত, পা, চোখ ও কান অনায়াসে নিজ নিজ কাজ করে যায়, কিন্তু অভিনয়ের বেলায় তা হয় না। অভিনয়ের সময় আমরা জীবনকে নতুন করে নির্মাণ করি; তখন শিল্পের জন্য প্রকাশের ভাষাকে প্রসারিত করতে হয়। মঞ্চের শেষ প্রান্তের দর্শক-শ্রোতাকে তা শোনাতে হয়, দেখাতে হয়। নাটকের সংলাপ আর প্রতিদিনের ব্যবহূত ভাষা এক হয়েও এক নয়। সে রকম দেহের ভাষাও একটু উঁচু সুরে বাঁধা। এ জন্য নাটকের ভাষাকে ‘হাইটেন্ড ল্যাঙ্গুয়েজ’ বা উচ্চগ্রামের ভাষাও বলে। নির্দেশক যা বলতে চাইছিলেন, তা বলতে পেরে একটু তৃপ্তির হাসি হেসে বললেন, এবার তাহলে একটু চা হোক।