উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ
খটোমটো শিরোনামটি পড়ে বোঝা যাবে না আমার লেখার বিষয়টি কী, যদি না কেউ জানেসার ওসমানের চলচ্চিত্রটি দেখে থাকেন। যাকে সাধারণত শর্ট ফিল্ম বলা হয়, উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ আসলে তাই। এর বিষয়বস্তু হচ্ছে অশ্ব অর্থাৎ ঘোড়া। পৃথিবীতে ঘোড়া অনেক প্রকার আছে। তাদের ব্যবহার ও তাদের প্রতি মানুষের আচরণও ভিন্ন। কিন্তু আমাদের দেশে, বাইরে থেকে আনা পুলিশ-সেনাবাহিনীর ঘোড়াগুলো ছাড়া বাকি সবই হয় ছোটখাটো, হাড়জিরজিরে। তাদের খাটানো হয় নির্মম সব কায়িক কাজে, যেমন ঢাকার রাস্তায় গাড়ি টানার কাজে। বংশাল থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত গেলে এ রকম ঘোড়ার গাড়ি দেখা যাবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবাজার যাওয়ার পথে ঘোড়াদের ‘গ্যারেজ’ দেখা যাবে। ঘোড়াগুলো রোগা, চির অসুস্থ, অথচ তাদের ওপর হান্টারের বাড়ি পড়ে মিনিটে মিনিটে। পশুক্লেশ নিবারণী সমিতির সবচেয়ে সবল হূদয় সদস্যও এসব দেখে বুকে ব্যথা অনুভব করবেন।বুকে ব্যথা অনুভব করেছেন জানেসার ওসমানও। তিনি ঘোড়াদের এই কষ্টের জীবনকে উপজীব্য করে একটি ছবি বানিয়েছেন। খুব দীর্ঘ নয়, কিন্তু সারাক্ষণ ছবিটা আমাকে টেনে রেখেছে এর শক্তিশালী বক্তব্য, অন্তর্দৃষ্টি, আয়রনি-কৌতুক-মনখারাপ করা ঘটনা-উপঘটনা। ছবিটির প্রধান আয়রনি হচ্ছে এর নামকরণে। উচ্চৈঃশ্রবা ছিল ইন্দ্রের ঘোড়া, যে উঠে এসেছিল সমুদ্র-মন্থনে। আর জানেসারের ঘোড়াগুলো এক একটা সার্বিক বিপন্নতার প্রতীক। জানেসারের ঘোড়া মনে মনে যা ভাবে—মালিককে নিয়ে, নিজেকে নিয়ে, চারপাশ ও পৃথিবী নিয়ে, প্রকৃতি নিয়ে—সেসবই ছবিটির গল্প। অবাক কাণ্ড, ঘোড়ার চোখে ধরা পড়ে আমাদের পরিবেশের বিপর্যয়, আমাদের ও বিশ্বের রাজনীতির নানা স্খলন। ‘কোথাকার এক ভিন জাতের পুচকে অ্যাম্বাসাডর, হাইকমিশনার বা ইউএন মিশন আমাদের ঝগড়া মেটায়। ধিক!’ ঘোড়া বলে। ঘোড়া ইংরেজি কবিতাও স্মরণ করে এবং একসময় ভাবে, বিদেশ চলে যাবে। জানেসার ঘোড়াকে হাজির করান বিমানবন্দরে, কিন্তু সেখানে ঘুষ দিতে হয়। ঘোড়ার ‘হাতে’ কোনো টাকা নেই। সব টাকা মালিকের পকেটে। জানেসারের দ্বিতীয় আয়রনি হচ্ছে উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ। এই উচ্চাভিলাষ যে সতত অপূরণীয়, এর যে বাস্তব কোনো ভিত্তি নেই, তা মাথায় রেখেই আমরা উচ্চৈঃশ্রবার সঙ্গী হই। ছবিটি যে রূপক, এর গল্প যে বাংলাদেশের এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশের মানুষের, তা বুঝতে কারও অসুবিধা হয় না। বস্তুত জানেসার ওসমান বিষয়টি স্পষ্ট করে দেন তাঁর উৎসর্গে। জানান, তিনি ছবিটি করেছেন বিশ্বের সেই সব মানুষকে যারা মানুষ হয়েও মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। জোনাথন সুইফট তাঁর গালিভার ট্রাভেলস-এ ঘোড়ার রূপকে মানুষের উন্নত এবং পতিত রূপের ছবি এঁকেছিলেন। কিন্তু জানেসারের দৃষ্টিতে উন্নত মানুষের নিদর্শন আসে না। না আসারই কথা। ফলে পতিত মানুষ ও পৃথিবী নিয়েই তাঁর গল্প। তবে জানেসারের উদ্দেশ্য মানুষকে নিজেদের ভেতরে দৃষ্টি দিতে উদ্বুদ্ধ করা। ছবিটা দেখার পর আত্মপীড়ন হয়, তার ঘোড়াগুলোকে মনে হয় সুইফটের সেই হুইনিম এবং আমাদের আস্ত একেকজন ইয়াহু। এটি সম্ভব হয় জানসারের অর্ন্তদৃষ্টি এবং সংবেদি ভাবনার কারণে।উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ-এ ক্যামেরার কাজ ভালো। অনেক শট এবং সিকোয়েন্স মনে হতে পারে পুনরাবৃত্ত, কিন্তু তা ইচ্ছাকৃত, ঘোড়াদের জীবনের অসম্ভব কষ্টদায়ক দিকগুলোকেই আরও কঠিনভাবে তুলে ধরার জন্য। তিনি কোমল দৃশ্যের সঙ্গে রূঢ় দৃশ্য, ট্রাজিক চিন্তার পাশাপাশি কৌতুক সংযুক্ত করেন। এতে ছবিটির গভীরতা বাড়ে। উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ কোথায় দেখা যাবে, বলতে পারি না, কিন্তু এটি দেখা উচিত।