উচ্ছ্বসিত উর্বশী!

ভিডিওবার্তায় বলেছিলেন ঢাকা সফর নিয়ে আপনি ‘খুবই উচ্ছ্বসিত’। আপনার কল্পনার ঢাকা আর সত্যিকার ঢাকার মধ্যে তফাতটা কেমন? উর্বশী রাউটেলাকে প্রথম প্রশ্ন। উর্বশী খানিক সময় নিলেন উত্তর দিতে। বললেন, ‘আসলে আগেভাগেই কোনো ধারণা করে আসাটা একদমই আমার সঙ্গে যায় না। অনেকবার আসি আসি করেও ঢাকায় আসা হয়নি। এবার শেষ পর্যন্ত আসা হয়ে গেল। এখন পর্যন্ত বলতে পারি আমি সত্যিই দারুণ উচ্ছ্বসিত। আশপাশের মানুষজন সবাই বেশ ভালো।’ বলেই হাসলেন এই বলিউড অভিনেত্রী। সামনে অনুষ্ঠান শুরুর তাড়া। তাই খুব বেশি আলাপের সুযোগ নেই। এরই মধ্যে উর্বশী জানালেন বাংলাদেশি একটি ছবিতে কাজও করেছেন তিনি। ছবির নাম পরবাসিনী। বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ির উদ্বোধনীতে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছিলেন এই বলিউড অভিনেত্রী। অনুষ্ঠান শুরুর আগে, বিকেল পাঁচটার দিকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের লবিতে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে।
রাতে মূল অনুষ্ঠানে মঞ্চে আসেন উর্বশী। উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের জন্য ছিল উর্বশীর সঙ্গে ছবি তোলার সুযোগ। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২০১৫ সালে ভারতের প্রতিনিধিত্ব করলেও বলিউডে অভিষেকটা ঠিক জুতসই হয়নি। তবে গ্রেট গ্র্যান্ড মাস্তি দিয়ে আবার আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। ঢাকায় এসে উর্বশী জানালেন, এরই মধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে উর্বশীর। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন উর্বশী।