কক্সবাজার থেকে সুনামগঞ্জ জেলার দিরাইয়ের উজানধল কত দূর বলতে পারেন? ‘হিসাব কষে এ তথ্যটি বের করা একটু কঠিনই। ভাগ্যিস! দূরত্ব-টুরত্ব না ভেবেই চলে এসেছিলাম।’ বলছিলেন শাহ আবদুল করিম লোক উৎসবে আসা কক্সবাজারের দুই শিক্ষার্থী শহীদুল ইসলাম ও সবুজ সরকার।অনুভূতি জানাতে গিয়ে এ দুই শিক্ষার্থী বললেন, ‘এই বাউলসাধককে জীবিত অবস্থায় দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত লোক উৎসবে এসে তাঁর শিষ্য বাউলদের কণ্ঠে জনপ্রিয় সব গান শুনে অন্য রকম প্রশান্তি পেলাম।’ শুধু দূর-দূরান্ত থেকে ছুটে আসা বাউলসম্রাটের অনুরাগীরা নন, এ প্রশান্তি পেল হাওরপারের উপজেলার বাসিন্দারাও। এ উৎসব তাদের কাছে মহাআনন্দের এক ঠিকানা যেন।আর হবেই না বা কেন? হাওর এলাকার কে নেই সেই বাউল গানের আসরে? কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে গ্রামের মহাজন, সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে ৫ ও ৬ মার্চ পঞ্চমবারের মতো আয়োজিত শাহ আবদুল করিম লোক উৎসবে বাউলসম্রাটের লেখা প্রচলিত-অপ্রচলিত গানের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠ। পাশের হাওর এখন অনেকটাই পানিশূন্য। সেখানে ফসলের খেত।সুবিশাল মঞ্চটি খেত-লাগোয়া। মঞ্চের চারপাশের মাঠটুকু ছাড়া হাওরজুড়ে কচি সবুজ ধানগাছ বাতাসের মৃদুমন্দ ছন্দে দুলছে। আর মঞ্চে বাউলেরা লম্বা চুল নাচিয়ে একের পর এক গান গাইছেন। বাউলসম্রাটের গান গাইতে গিয়ে গলা ধরে এসেছিল অনেক শিল্পীর। স্মৃতির ঝাঁপি খুলে অনেকেই গানের ফাঁকে ফাঁকে শাহ আবদুলকরিমের গায়কী জীবনের কথা বললেন। স্মৃতিচারণা আর গানে বাউলসাধককে স্মরণ করে শ্রদ্ধা জানান শিল্পীরা।পুরো দুই দিন আকাশ-বাতাস প্রকম্পিত হয় বাউল গানে। ঢোলের বাজনার সঙ্গে গান গাইতে গাইতে বাউলেরা গোটা মঞ্চ পরিক্রমণ করেন। বাঁশি, একতারা, দোতারা, খঞ্জনি, হারমোনি আর সারিন্দার সুরে উজানধল মাঠ এক অনাবিল আনন্দময় উৎসবে পরিণত হয়। একনাগাড়ে দুই রাত গান চলে। হাওরের আকাশ-বাতাস গানের সুরে মাদকতাময় হয়ে ওঠে।উৎসবের প্রথম দিন দুপুরে শাহ আবদুল করিমের সাড়ে তিন বছরের নাতি পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করে। আলোচনার বিভিন্ন পর্বে অংশ নেন বাংলা একাডেমীর পরিচালক আবদুল ওয়াহাব, সাংসদ মতিউর রহমান, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, সংগীত-বিশেষজ্ঞ সাইম রানা, বাংলালিংকের সিলেট আঞ্চলিক প্রধান মো. ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, শাহ আবদুল করিমের একমাত্র ছেলে শাহ নূরজালাল প্রমুখ। সংগীত পরিবেশন করেন বাউল আবদুর রহমান, শিল্পী ফকির শাহাবউদ্দিন, কালা মিয়া, আবদুল তোহায়েদ, বশিরউদ্দিন সরকার, জামাল উদ্দিন হাসান, শামীম আহমদ, মিতালী চক্রবর্তী, দুখু মিয়া, কাইয়ূম শাহ, লিংকন, আনোয়ার, আকবর আলী, প্রতীক সবুজ, রুবেল সরকার, বিল্লাল উদাসী, শাহজাহান, ইয়ামন দাস, আপেল মাহমুদ, কিবরিয়া, হরিপদ দাস, ফারুক মিয়া, শাহের শাহ, জিয়াউল হাসান, হেমা সুরভী, রজনী, রামধন দাসসহ দেড় শতাধিক বাউল। গান শুনতে শ্রোতাদের ছিল উপচে পড়া ভিড়। দুপুরে যে মাঠে লোক সমাগম তেমন একটা থাকে না বললেই চলে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই মাঠে তিল ধারণের জায়গা নেই। পুরো মাঠ যেন জনসমুদ্র! এই জনসমুদ্রে কণ্ঠের ছোঁয়ায় ঢেউ তোলেন দেড় শতাধিক বাউলশিল্পী। শিল্পীদের মনমাতানো সুরের মায়াজালে আকৃষ্ট হয়ে নাচ আর গানে মেতে ওঠেন আগত শ্রোতা-দর্শনার্থীরা। যেন বসন্ত বাতাসে রঙিন প্রজাপতির ওড়াউড়ি।বাউলসম্রাট শাহ আবদুল করিম জীবিত থাকাকালে ২০০৬ সাল থেকে প্রতিবছরের মার্চে এ উৎসবের আয়োজন করতেন। গত বছরের ১২ সেপ্টেম্বর বাউলসম্রাট দেহত্যাগ করার পর এবারই প্রথম তাঁকে ছাড়া এ উৎসব পালিত হয়। মহাধুমধামের সঙ্গে পালিত হওয়া পুরো উৎসবের পৃষ্ঠপোষকতা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।