
গানটির নাম বলা যায় ডিজনি গান। কেননা, এটি ডিজনির অ্যানিমেটেড মুভি ফ্রোজেন-এর মাধ্যমেই সবার নজরে এসেছে এবং কম সময়ে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। সবচেয়ে বড় কথা, গত মার্চে অনুষ্ঠিত অস্কারে এই গান আবার ‘বেস্ট অরিজিনাল সং’-এর পুরস্কারও পেয়ে বসে আছে। অন্যদিকে, ফ্রোজেন মুভিও ব্যবসাসফল। সব মিলিয়ে ডিজনির ওপর দিয়ে বইছে সুবাতাস এবং গানটিও বিলবোর্ড আর শ্রোতাদের মনে শক্ত আসন পাতার জোর প্রস্তুতি নিচ্ছে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বলছি, ‘লেট ইট গো’র কথা। গানে কণ্ঠ দিয়েছেন আমেরিকান শিল্পী ইডিনা মেঞ্জেল। ডিজনির জন্য গানটি লিখতে হয় এন্ডারসন আর ক্রিস্টেনকে। তাঁরা গানটি লেখার অনুপ্রেরণা পান ডিজনিরই মুভি ‘দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, লিটল মেরমেইড থেকে। মজার ব্যাপার হলো গানটি কম্পোজ করা হয়েছে মাত্র এক দিনে!
‘লেট ইট গো, লেট ইট গো’ গানটি শোক থেকে শক্তির, ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার, সবকিছু থেকে মুক্ত হয়ে নিজের শক্তিতে চলার, বাধা ভেঙে এগিয়ে যাওয়ার।
উঁচু লয়ে গাওয়া গানটি শুনলে অন্য রকম অনুভূতি হবে শ্রোতার। আর মিউজিক ভিডিওর কথায় এলে অনিন্দ্য সুন্দর ভিডিওর সঙ্গে গান-সুর-চরিত্র—সবই খাপে খাপ মিলে যায়।
ইউটিউবে গানটির দুটি মিউজিক ভিডিও। একটি মুভির, আরেকটি ফ্রোজেন সাউন্ডট্র্যাক অ্যালবামের।
গেল বছরের ২৫ নভেম্বর গানটির মুক্তি এবং ৬ ডিসেম্বরে ভিডিও ছাড়া হয়। শুরু থেকেই শ্রোতা-সমালোচকদের প্রশংসা পেতে থাকে।
অস্কারের পুরস্কার ছাড়াও ‘লেট ইট গো’র ঝুলিতে আছে, ডেনভার ফিল্ম সোসাইটি, ফিনিক্স ক্রিটিক সোসাইটি ও ১৯তম ক্রিটিক সোসাইটির পুরস্কার। এ ছাড়া আছে গোল্ডেন গ্লোব আর স্যাটেলাইট অ্যাওয়ার্ডের মনোনয়ন।
এখন আসি বিলবোর্ডে, গানটি যেখানে এত এত জায়গায় সফল, সেখানেও গানটি প্রথম সারিতেই আছে। প্রথম পাঁচে খুব দ্রুত জায়গা করে নেওয়া গানটি এ সপ্তাহেও আগের জায়গা ধরে রেখেছে। ইংরেজি ছাড়াও আরও ৪২টি ভাষায় অনূদিত গানটি বিলবোর্ড ছাড়াও অন্য কয়েকটি দেশের টপ চার্টে ভালো অবস্থানে আছে।
অন্যদিকে, বিলবোর্ডের প্রথম থেকে চতুর্থ অবস্থান অপরিবর্তিত আছে।
‘টক ডার্টি’—জেসন ডেরুলো; চতুর্থ স্থান
‘ডার্ক হরস’—কেটি পেরি; তৃতীয় স্থান
‘অল অব মি’—লিজেন্ড; দ্বিতীয় স্থান
এবং ফ্যারেলের ‘হ্যাপি’ প্রথম স্থানে ঠায় দাঁড়িয়ে আছে।
মো. সাফিবিনদোহা