উডস অব ইপ্রেস এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডস অব ইপ্রেস ব্যান্ডের সদস্যরা
উডস অব ইপ্রেস ব্যান্ডের সদস্যরা

কানাডিয়ান প্রতিশ্রুতিশীল ব্ল্যাকেন্ড ডুম মেটাল গানের দল ছিল উডস অব ইপ্রেস। দলটির প্রতিষ্ঠাতা সদস্য ডেভিড গোল্ড ২০১১ সালে মৃত্যুবরণ করার কারণে তাঁর কার্যক্রম স্থগিত করা হয়। আজ এই দলের সঙ্গে আনন্দ পাঠকদের পরিচয় হতে যাচ্ছে।
২০০২ সালে কানাডার অন্টারিওর উইন্ডসোরে ডেভিড গোল্ড, অ্যারন পালমান ও ব্রায়ান ম্যাকম্যানাস মিলে ‘উডস অব ইপ্রেস’ গড়ে তোলেন। এই তিনজন ‘এগেইনস্ট দ্য সিজনস: কোল্ড উইন্টার সংস ফ্রম দ্য ডেড সামার হিট’ নামক ডেমো তৈরি করে ফেলেন সেই একই বছরে। পরবর্তীতে ২০০৩ সালে তাঁরা কনসার্টে মনোযোগ দেন।
২০০৩ সালের ডিসেম্বর মাসে ডেভিড গোল্ড টরন্টোতে চলে যান এবং সেখানে তাঁদের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবামের কাজ শুরু করেন। ২০০৪ সালে ডেভিড গোল্ডের নিজস্ব রেকর্ড লেবেল ‘ক্র্যাঙ্কেনহাউস রেকর্ডস’ থেকে তাঁদের প্রথম অ্যালবামপারসুট অব দ্য সান অ্যান্ড অ্যালিউর অব দি আর্থ বের হয়। পরবর্তী সময়ে তাঁদের অসংখ্যবার সদস্য বদল হয়েছে। ২০১১ সালে ডেভিড গোল্ড মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তাঁদের একটি ইপি ও তিনটি পূর্ণদৈর্ঘ্যের অ্যালবাম বের হয়। পরবর্তী সময়ে ডেভিড গোল্ডের অকালমৃত্যুর পর তাঁদের সর্বশেষ অ্যালবাম বের হয়। সেই অ্যালবামটি ২০১২ সালে বের হয় এবং ২০১৩ সালের শ্রেষ্ঠ ‘মেটাল/ হার্ড মিউজিক অ্যালবাম অব দ্য ইয়ার’ হিসেবে জুনো অ্যাওয়ার্ড জিতে নেয়।
২০১১ সালের ৯ জুন উডস অব ইপ্রেসের সর্বশেষ কনসার্ট হয়। ২১ ডিসেম্বর মাত্র ৩১ বছর বয়সে ডেভিড গোল্ড সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। গাড়ির সংঘর্ষে ঘটনাটি ঘটেছিল। ডেভিড গোল্ডের মৃত্যুর কারণে উডস অব ইপ্রেসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দলটির ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল। সেটা আর কখনো সম্ভব হবে না। উডস অব ইপ্রেস মূলত ব্ল্যাক মেটালের সঙ্গে ডুম মেটাল ও ফোক মেটালের মিশ্রণ ঘটিয়ে গান করত। ডেভিড গোল্ড বাদে সবার অনেক পরিবর্তন হয়েছে। ডেভিড গোল্ড মৃত্যুবরণ করার পর তাঁর দলের অন্য সদস্যরা দলটি নিয়ে আর কোনো অ্যালবাম রেকর্ড না করার সিদ্ধান্ত নেন। ২০১২ সালের এপ্রিল মাসে গোল্ডের স্মরণে টরন্টো এবং সল্ট স্টিতে কনসার্টের আয়োজন করা হয়, যেখানে ‘কিটি’ ও ‘নভেম্বরস ডুম’ দল দুটিও অংশ নেয়। গোল্ডকে উৎসর্গ করে অ্যালবামের কাজ করা হবে।
বর্তমানে উডস অব ইপ্রেসের সদস্যরা ‘থ্র-সানব্লাট’ নামক দলে যোগদান করেন।
ডেভিড গোল্ড মৃত্যুবরণ করার আগে তাঁদের যেসব সদস্য ছিলেন: ডেভিড গোল্ড—ভোকালস, গিটারস, বেজ, ড্রামস, কিবোর্ডস (২০০২-২০১১); ফোয়েল ভায়োলেট লিড গিটার, স্টুডিও বেজ (২০১০-২০১১); ব্র্যান্ডন হেইটার—বেজ (২০১১); রায় অ্যামিটে—ড্রামস (২০১১)
মাত্র ৩১ বছর বয়সে ডেভিড গোল্ড মৃত্যুবরণ করেন। তিনি থাকবেন আমাদের মধ্যে। যাঁরা ব্ল্যাকেড গান পছন্দ করেন, তাঁরা উডস অব ইপ্রেসের অ্যালবাম জোগাড় করে অবশ্যই শুনবেন।

উডস অব ইপ্রেসের অ্যালবাম
 এগেইনস্ট দ্য সিজনস: কোল্ড উইটার সংস ফ্রম দ্য ডেড সামার হিট (২০০২) ইপি
 পারসুট অব দ্য সান অ্যান্ড অ্যালিউর অব দি আর্থ (২০০৪)
 উডস থ্রি: দ্য ডিপেস্ট রুটস অ্যান্ড ডার্কেস্ট ব্লুজ।
 উডস ফোর: দ্য গ্রিন অ্যালবাম (২০০৯)
 উডস ফাইভ: গ্রে স্কাইস অ্যান্ড ইলেকট্রিক লাইট (২০১২)
 মনোয়ারুল হক
তথ্যসূত্র: উইকিপিডিয়া