উডি অ্যালেন আনছেন 'ম্যাজিক ইন দ্য মুনলাইট'

‘অ্যানি হল’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ ‘মিডনাইট ইন প্যারিস’ কিংবা ‘ব্লু জেসমিন’-এর মতো অসাধারণ সব ছবির পর এবার নতুন ছবি ‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’ উপহার দিচ্ছেন অস্কারজয়ী প্রখ্যাত মার্কিন চলচ্চিত্রনির্মাতা উডি অ্যালেন। এটি তাঁর পরিচালনায় ৪৭তম ছবি।
‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’ ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন কলিন ফার্থ, এমা স্টোন, মার্সিয়া গে হার্ডেন, ইলিন অ্যাটকিনস, সিমন ম্যাকবার্নি, জ্যাকি ওয়েভার, এরিকা লারসেন, পল রিটার, ক্যাথরিন ম্যাকরম্যাক প্রমুখ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হলিউড রিপোর্টার।
কমেডিধর্মী ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন উডি অ্যালেন নিজেই। তবে এখন পর্যন্ত ছবির গল্প কিংবা বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি তিনি।
উডি অ্যালেনের জন্ম ১৯৩৫ সালের ১ ডিসেম্বর। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকশিল্পী, নাট্যকার, লেখক, চিত্রনাট্যকার ও সংগীতজ্ঞ। তীব্র নাটকীয়তার সঙ্গে কখনো কখনো হাস্যরসের মিশ্রণ তাঁর ছবিগুলোর অন্যতম বৈশিষ্ট্য। রচনা ও পরিচালনার পাশাপাশি তিনি মূলধারার অনেকগুলো ছবিতে অভিনয়ও করেছেন। তাঁর ছবির পেছনে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে সাহিত্য, যৌনতা, দর্শন, মনস্তত্ত্ব ও নিউইয়র্ক শহর। উডি অ্যালেনের জন্ম নিউইয়র্কে। জীবনের প্রায় পুরোটা সময়ই এই শহরে কাটিয়েছেন তিনি।
দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ‘অ্যানি হল’, ‘হান্নাহ অ্যান্ড হার সিস্টার্স’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘মিডনাইট ইন প্যারিস’, ‘ব্লু জেসমিন’সহ এখন পর্যন্ত ৪৬টি মানসম্পন্ন ছবি উপহার দিয়েছেন উডি অ্যালেন। কাজের স্বীকৃতি হিসেবে চারটি অস্কারের পাশাপাশি গোল্ডেন গ্লোব, সিজার, বাফটাসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন গুণী এ নির্মাতা। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘অ্যানি হল’ ছবির জন্য সেরা চলচ্চিত্রনির্মাতা হিসেবে অস্কার পেয়েছিলেন তিনি। বাকি তিনটি অস্কার পুরস্কার তিনি ঘরে তুলেছেন সেরা চিত্রনাট্যকার হিসেবে। এ ছাড়া ২৩ বার অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি।