উডি অ্যালেন: উজানের বিপরীতে
উডি অ্যালেন, ভিন্ন ধারার বহুমাত্রিক এক সৃষ্টিশীলতার নাম। হলিউডের বর্ষীয়ান চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, চিত্র নাট্যকার, কৌতুক শিল্পী—এ সব কটি পরিচয়েই সুপরিচিত তিনি। সুদীর্ঘ অর্ধশতাব্দীর পেশাজীবনে গতানুগতিক ধারার বাইরে ছবি বানিয়ে প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে, জিতে নিয়েছেন চার-চারটি অস্কার পুরস্কার। অবশ্য রুপালি পর্দায় তাঁর যাত্রা মোটেও মসৃণ ছিল না। তাঁর পেশাজীবনের চড়াই-উতরাই আর দশজন নির্মাতার তুলনায় একটু বেশি বই কম নয়। ২০০২ সালে অনেকে তো ধরেই নিয়েছিলেন, উডি অ্যালেনের শিল্প-সত্তার অবসান হতে চলেছে। কিন্তু চরম ব্যর্থতার পর উডি আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং ঝড়ের মতো তোলপাড় তুলেই সফল প্রত্যাবর্তন ঘটেছে গুণী এ নির্মাতার।গত বছর মুক্তি পেয়েছে উডি অ্যালেনের ‘মিড নাইট ইন প্যারিস’। তাঁর পরিচালিত ছবিগুলোর মধ্যে এখন পর্যন্ত এ ছবিটিই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বক্স অফিসে। বিশ্বব্যাপী ছবিটি ১১০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। ছবিটি অস্কারও এনে দিয়েছে উডিকে। অবশ্য প্রায় ৪৫টি ছবি বানালেও এখন পর্যন্ত নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন উডি অ্যালেন। এ প্রসঙ্গে তাঁর সরল স্বীকারোক্তি, ‘এখন পর্যন্ত অন্তত ৪৫টি ছবি বানিয়েছি। সেগুলোর মধ্যে কয়েকটি ভালো মানের ছবি থাকলেও, কোনো মাস্টারপিস নেই। আমি মজা করে কিংবা মিথ্যে বিনয় থেকে এমনটা বলছি না। “রশোমন”, “দ্য বাইসাইকেল থিফ” কিংবা “দ্য গ্র্যান্ড ইলিউশন”-এর মতো মাস্টারপিস ছবিগুলোর যে গভীরতা আছে, তার ধারে-কাছেও নেই আমার কোনো ছবি। নির্দ্বিধায় বলতে পারি, এসব ছবির পাশে কোনো উত্সবে দেখানোর মতো আমার একটি ছবিও নেই।’ নিতান্তই সাদা-মাটা এবং অগোছালো একটি ঘরে বসে ছবি সম্পাদনার কাজ করেন উডি। তাঁর মতে, ‘৩০ বছর ধরে ইঁদুরের গর্তের মতো এই ছোট্ট ঘরে বসে আমরা ছবি সম্পাদনার কাজ করছি। এলোমেলো ঘরটার চারপাশে তাকালে মনের অজান্তেই ঘেন্না এসে ভর করে। তার পরও এখানে বসেই ছবির বিভিন্ন দৃশ্য জোড়া-তালি দিয়ে পূর্ণাঙ্গ একটি ছবি বানিয়ে বাইরের জগতে নিয়ে যাই।’উডি অ্যালেনের বয়স এখন ৭৬। নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করেন। লিকলিকে পাতলা গড়নের শরীরটা দেখে কে বলবে এই উডি টিনএজে দক্ষ একজন বক্সার ছিলেন! হাসির নাটক লিখে এবং ভাঁড়ের অভিনয় দিয়ে পেশাজীবন শুরু করেছিলেন। ৫০ বছর ধরে স্বমহিমায় বিচরণ করছেন মঞ্চ এবং চলচ্চিত্র জগতে। উডি মনে করেন, জীবনের সহজ-সাধারণ গল্পের প্রতিচ্ছবি হলো—চলচ্চিত্র। ‘শিল্প এবং বাণিজ্যের সঠিক মিশেলের ওপরই কোনো ছবির সফলতা নির্ভর করে। গত ২৫-৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ এবং পৃথিবীর অন্যান্য দেশেই আমি বেশি সাড়া পেয়ে আসছি। ইউরোপের দেশগুলো ছাড়াও চীন, রাশিয়া এমনকি ইসরায়েল থেকেও আমাকে অনুরোধ করে বলা হয়েছে, “আপনি আমাদের এখানে চলে আসুন। আমরা আপনার ছবি প্রযোজনার সম্পূর্ণ দায়িত্ব নেবো।” অথচ আমার নিজ দেশে প্রযোজক খুঁজে পেতে আমাকে হিমশিম খেতে হয়।’ জানালেন উডি। কেবল অর্থই নয়, চিত্রনাট্য থেকে শুরু করে শিল্পী নির্বাচন কিংবা সম্পাদনা—ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুতেই পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান উডি। এমনকি ছবির পাত্র-পাত্রীদের পুরো ছবির চিত্রনাট্য পড়তে দেন না, কেবল যার যার চরিত্রের চিত্রনাট্যের অংশটুকু হাতে ধরিয়ে দেন। উডি কাজের বেলায় আপসহীন এবং খুবই কড়া। ছবির সেটে যদি কোনো তারকা চাহিদা মতো কাজ দিতে না পারেন, তবে সেই তারকাকে বিদায় দিতে একটুও দ্বিধা করেন না উডি। প্রতিষ্ঠিত তারকাদের ক্ষেত্রেও এমন কড়াকড়ির ব্যত্যয় ঘটে না। সত্তরের দশকের মাঝামাঝিতে নিউইয়র্কে চলছিল নানা অরাজকতা। সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে মার্টিন স্করসেসেসহ তত্কালীন নির্মাতারা যখন হত্যা, লুণ্ঠনসহ নানা অরাজকতা নির্ভর গল্প নিয়ে ছবি বানাচ্ছিলেন, ঠিক তখনই উডি সম্পূর্ণ স্রোতের বিপরীতে অবস্থান নিলেন। ১৯৭৭ সালে মুক্তি পেল তাঁর ‘অ্যানি হল’। আশা জাগানিয়া বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিটির পর উডি পরিচালিত একই ধরনের ছবি ‘ম্যানহাটন’ মুক্তি পায় ১৯৭৯ সালে। এভাবে সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে না গিয়ে ভিন্ন খেলায় মেতে ওঠেন উডি। ১৯৯২ সালে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন উডি অ্যালেন। মিয়া ফারোর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। ফারোর পালক মেয়ে ২১ বছরের তরুণী সুন-আই প্রেভিনের সঙ্গে উডির প্রেমের কারণেই এ বিচ্ছেদ। বয়সে ৩৬ বছরের ছোট প্রেভিনের সঙ্গে উডির প্রেমের সম্পর্কের খবর চাউর হলে তাঁর নারী ভক্তেরাসহ অনেকেই বিস্ময়ে হতবাক হয়ে যান। পরে প্রেভিনকেই বিয়ে করেন উডি এবং আজ অবধি তাঁরা সংসার করছেন।উডি ব্যক্তিগত জীবনের অনেক পর্যবেক্ষণই তাঁর ছবিতে তুলে ধরেছেন। যেমন একটি ছবির সংলাপে তিনি বলেছেন, ‘হূদয়ের চাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ থাকে না।’ তাঁর ছবিতে যথেষ্ট হাস্যরসের খোরাকও থাকে। উডির ছবি সম্পর্কে চলচ্চিত্র সমালোচক ও ইতিহাসবিদ রিচার্ড শিকেল মন্তব্য করেছেন, ‘তিনি প্রায় ছবিতেই দর্শকদের ভুল পথে পরিচালিত করেন। মানে, ছবির কাহিনিকে তিনি এমনভাবে সাজান যেটা দেখতে দেখতে দর্শকেরা বিশ্বাস করতে শুরু করেন যে, এখন এমনটা হতে চলেছে। কিন্তু পরে গিয়ে দেখা যায়, ছবিটি সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।’উডি অ্যালেন বেড়ে উঠেছেন ব্রুকলিনে। শৈশবেই স্বপ্ন দেখতেন বিনোদন জগতের সঙ্গে নিজেকে জড়ানোর। একটা সময়ে জাদু শিখেছিলেন। ১৪ বছর বয়সে বিভিন্ন টিভি অনুষ্ঠানের জন্য অডিশনও দিয়েছেন। এসব শিল্পচর্চা পরবর্তী সময়ে তাঁর শিল্প-সত্তাকে পরিপক্ব করেছিল। এরই মধ্যে উডি তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। এখন ছবিটির শিল্পী নির্বাচনের কাজ চলছে। সানফ্রান্সিসকোতে চার থেকে পাঁচ সপ্তাহ এবং নিউইয়র্কে দুই সপ্তাহ ধরে ছবিটির শুটিং চলবে।উডির মা-বাবা দুজনই দীর্ঘায়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর বাবা ১০০ এবং মা ৯৫ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। উডি ভক্তদের প্রত্যাশা, তাঁদের পছন্দের এ নির্মাতাও দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং আরও অনেক ছবি উপহার দেবেন।