উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্র
এ বছর উত্তমকুমারকে স্মরণ করা হলো তাঁর ওপর তৈরি একটি তথ্যচিত্রের মধ্য দিয়ে। জানা গেছে, এবারই প্রথম উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্র তৈরি হলো। নাম মহানায়ক: এ সুপারস্টারস জার্নি। গতকাল শনিবার উত্তমকুমারের মৃত্যুদিনে ভারতের কলকাতার বসুশ্রী প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হয়েছে। তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৫৭ মিনিট। এই তথ্যচিত্রে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন তাঁরই নাতি গৌরব চট্টোপাধ্যায়। দাদুর মৃত্যুর পর তাঁর জন্ম। কিন্তু দাদুর ছবি দেখে আর দাদুর কথা পরিবারের সবার মুখে শুনে যে ধারণা তৈরি হয়েছে, তা গৌরব রূপ দিয়েছেন এই তথ্যচিত্রে। মহানায়কের জীবন এবং ওই সময়কে তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। জানা গেছে, ২০০৫ সালে উত্তমকুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় তথ্যচিত্রটি তৈরির ব্যাপারে উদ্যোগ নেন। তবে তাঁর মৃত্যুর পর পরিবারের সহায়তায় তথ্যচিত্রটির নির্মাণকাজ শেষ হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন স্বপন দাস। তিনি বলেন, ‘উত্তমকুমার অভিনীত ছবির ক্লিপিংস পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। বহু ছবি নষ্ট হয়ে গেছে। অনেক ছবির খোঁজ নেই। তবে তথ্যচিত্রটির তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সময় লেগেছে চার বছর। কিন্তু শুটিং হয়েছে মাত্র ২২ দিনে। আর ছবিটি তৈরির ব্যাপারে আর্থিক সহযোগিতা দিয়েছে ভারত সরকারের চলচ্চিত্র বিভাগ।’এদিকে গতকাল উত্তম স্মৃতি সংসদ উত্তম কলারত্ন প্রদান করেছে। সন্ধ্যায় নন্দন মিলনায়তনে শুরু হয়েছে ‘উত্তম চলচ্চিত্র উৎসব’।