উত্তমকুমারের নামে পুরস্কার ঘোষণা
শনিবার ছিল মহানায়ক উত্তমকুমারের ৮৫তম জন্মদিন। এই দিনটি কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালন করা হয়। দুপুরে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে আয়োজিত অনুষ্ঠানে মহানায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিয়া দেবী, রঞ্জিত মল্লিক, বনশ্রী সেনগুপ্ত, সৈকত মিত্র, হরনাথ চক্রবর্তী প্রমুখ। এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, এখন থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিবছর চলচ্চিত্র অঙ্গনের সেরা অভিনেতা, অভিনেত্রী এবং নবাগত একজন শিল্পীকে ‘উত্তম পুরস্কার’ প্রদান করবে।মুখ্যমন্ত্রী মহানায়কের ব্যবহার করা অ্যাম্বাসেডর গাড়িটিও সংরক্ষণ করার ঘোষণা দেন।ওই দিন সকালে কলকাতার টালিগঞ্জের ছবিপাড়ার কাছে উত্তমমূর্তিতে মাল্যদান করেন চলচ্চিত্র তারকা তাপস পাল, বিপ্লব চক্রবর্তীসহ টালিউডের কলাকুশলী এবং বিশিষ্টজনেরা। সন্ধ্যায় মহানায়ক স্মরণে রবীন্দ্রসদনে শিল্পী সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মাধবী মুখার্জি, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। শুক্রবার থেকে কলকাতার উত্তম-কাননে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘মহানায়ক স্মরণ উৎসব’। উত্তমকুমার ১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন।