উত্তর প্রদেশে 'রাম-লীলা' নিষিদ্ধ

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘রাম-লীলা’ ছবির মুক্তির ওপর দিল্লির একটি আদালতের নিষেধাজ্ঞার পরও ‘রাম-লীলা’র পরিবর্তে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ শিরোনামে শেষ পর্যন্ত নির্ধারিত তারিখ ১৫ নভেম্বরেই মুক্তি পায় ছবিটি। কিন্তু মুক্তির পরপরই ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভের ঝড় ওঠে। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশে ছবিটি নিষিদ্ধ করেছেন এলাহাবাদ উচ্চ আদালত।
‘রাম-লীলা’ ছবির বিরুদ্ধে মরিয়াদা পুরুষোত্তম ভগবান রামলীলা সমিতির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল ছবিটির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারক অশোক পাল ও দেবী প্রসাদ সিং। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘রাম-লীলা’ ছবির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ছবিটিতে বিতর্কিত ও আপত্তিকর সংলাপ ব্যবহারের পাশাপাশি এর শিরোনামের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ছবিটি নিষিদ্ধ করার পাশাপাশি এর সেন্সর ছাড়পত্র বাতিলেরও দাবি তোলে মরিয়াদা পুরুষোত্তম ভগবান রামলীলা সমিতি।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর ‘রাম-লীলা’ মুক্তি পাওয়ার পর ভারতের রাজধানী দিল্লির পাশাপাশি ইন্দোর, রাজকোট, জলন্ধরসহ আরও কয়েকটি শহরে বিক্ষোভের ঝড় উঠলেও প্রথম দিনেই দারুণ ব্যবসা করে ছবিটি। মাত্র এক দিনে ছবিটি আয় করে ১৮ কোটি ৫৫ লাখ রুপি। মুক্তির এক সপ্তাহের মাথায় ছবিটির ঝুলিতে জমা পড়েছে ৮২ কোটি ৩০ লাখ রুপি।
‘রাম-লীলা’ মুক্তি দেওয়ায় দিল্লির একটি প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে একদল মানুষ। তারা ছবিটির বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি এর শিরোনাম পরিবর্তনের দাবি তোলে। একপর্যায়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ইন্দোরে সিনেমা হল মালিকদের ছবিটি প্রদর্শন করতে দেননি বজরং দলের সদস্যরা। তাঁদের দাবি, বিতর্কিত বিষয়বস্তুর পাশাপাশি ছবিটির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। এ ছাড়া জলন্ধরে ছবিটির পোস্টার পুড়িয়েছে বিক্ষোভকারীরা। ছবিটির একটি গান নিয়ে আপত্তি তুলে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে যেতেও বলা হয়।
দুইবার ছবির শিরোনামে পরিবর্তন আনার পাশাপাশি ছবির সংলাপে ব্যবহূত উসকানিমূলক কয়েকটি শব্দও পরিবর্তন করবেন বলে কথা দিতে বাধ্য হন সঞ্জয় লীলা। ক্ষত্রিয় সম্প্রদায়ের দাবির মুখে গত সপ্তাহে রাজকোটে তিনি এই অঙ্গীকার করেন। সব মিলিয়ে ছবিটি নিয়ে বেশ বিপাকের মধ্যেই পড়ে গেছেন বলিউডের প্রখ্যাত এ চলচ্চিত্রনির্মাতা।
‘রাম-লীলা’ মুক্তির আগেই ছবিটির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছিল প্রভু সমাজ ধার্মিক রাম-লীলা কমিটি। ছবিটির বিরুদ্ধে যৌনতা, সহিংসতা ও অশ্লীলতার অভিযোগও তোলা হয়। এসব অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ‘রাম-লীলা’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালী এবং পরিবেশক সংস্থা ইরোস ইন্টারন্যাশনালকে ছবিটি মুক্তি দেওয়া থেকে বিরত থাকতে বলেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছিল, ছবির শিরোনাম ‘রাম-লীলা’ হলেও হিন্দু দেবতা রামের জীবনের সঙ্গে ছবির গল্পের কোনো মিল নেই। এতে করে দর্শকেরা বিভ্রান্ত হবেন। ছবিটির নাম পরিবর্তনেরও আবেদন করা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ শিরোনামে ছবিটি মুক্তি দেওয়া হয় ১৫ নভেম্বর।
শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিটি তৈরি করেছেন সঞ্জয় লীলা বানশালী। এতে ‘রাম’ ও ‘লীলা’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা। ছবিটিতে আরও অভিনয় করেছেন রিচা চাদ্ধা, সুপ্রিয়া পাঠক, গুলশান দেবিয়া প্রমুখ।