মঞ্চে লাল শাড়ি পরে শিল্পীরা গাইছেন। দুই পাশে যন্ত্রীরা বাজাচ্ছেন। ভেসে আসছে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।’ সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালানো হচ্ছে। এটি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ উত্তরা শাখা আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী দৃশ্য।
উত্তরার ১ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের মঞ্জুর কাদের সিনেপ্লেক্স অ্যান্ড কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বালন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ উত্তরা শাখার সভাপতি ফাহমিদা খাতুন, শিল্পী মিতা হক, বনানী সেন ও হামিমা জামান। এ সময় মিতা হককে উত্তরীয় পরিয়ে দেন ফাহমিদা খাতুন।
ফাহমিদা খাতুন বলেন, ‘আমাদের সময় বাংলাদেশে যাঁরা রবীন্দ্রসংগীত শিখতেন, তাঁরা অনেক কষ্ট করে চর্চা করতেন। আমরা তখন বেতারের মাধ্যমে কলকাতার গান শুনে চর্চা করতাম।’ তিনি আরও বলেন, বেতারের মাধ্যমে গলায় গান তোলা অনেক কঠিন ছিল।
মিতা হক জানান, দুই বছর অসুস্থ থাকার কারণে গান থেকে দূরে ছিলেন। এখন থেকে আবার গান শুরু করবেন। তিনি দুটি গানও গেয়ে শোনান।
অনুষ্ঠানটি দুই পর্বে চলে। প্রথম পর্বে ছিল সংগীতানুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল নৃত্য ও আবৃত্তি। এতে আনন্দধারা সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ উত্তরা শাখার সদস্যরা অংশ নেন। ষড়ঋতু ও পঞ্চকবির গান ও কবিতা নিয়ে এটি সাজানো হয়। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।