উত্তরায়ণের ‘এবং বর্ষা’
মিলনায়তনের বাইরে জানালাসমেত বাঁশের তৈরি ঘর ও গাছপালার মাধ্যমে গ্রামীণ আবহ ফুটিয়ে তোলা হয়েছে। চার দিকের ঝুলন্ত পর্দায় একের পর এক ভেসে উঠছে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ও কদম ফুলসহ বর্ষার নানা অনুষঙ্গ। ভেতরে মঞ্চের ওপরে শোভা পাচ্ছে কাগজের কদম ফুল। গীতি-আলেখ্য ‘এবং বর্ষা’ উপস্থাপনের জন্য এই সাজ।গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নৃত্য নন্দনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণ। উপলক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ ও উত্তরায়ণের প্রথম বর্ষপূর্তি।রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও গানের পটভূমি এবং বৈষ্ণব পদাবলির সমন্বয়ে এ গীতি-আলেখ্য গ্রন্থনা করেন মাহফুজা হিলালী। পরিকল্পনা ও পরিচালনা করেন লিলি ইসলাম। সহ-পরিচালনায় ছিলেন হিমাদ্রী শেখর। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেন দূর্বাদল চট্টোপাধ্যায়।‘রবীন্দ্রনাথ ঠাকুর শতাধিক বর্ষার গান রচনা করেছেন। কোনো কোনো গান প্রথমে কবিতা হিসেবে রচনা করে অনেক পরে সুর দিয়েছেন। অনেক গান রচিত হয়েছে অন্যের অনুরোধে বা কোনো উৎসব উপলক্ষে।’এমন তথ্য পাঠের মধ্য দিয়ে গীতি-আলেখ্যের সূচনা করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি বৈষ্ণব কবির পদাবলির আবৃত্তি ও গানের পটভূমির পাঠেও অংশ নেন। তাঁকে সহযোগিতা করেন ডালিয়া আহমেদ। বিভিন্ন গানে কণ্ঠ দেন শিমু দে, জ্যোৎস্না সরকার, শামছিয়া শাম্মী, নুসরাত জাহান, অপর্ণা খান, সরস্বতী মজুমদার, মিলন দেব, নূর ই আলম প্রমুখ। গীতি-আলেখ্যের গানগুলোর মধ্যে ‘ওই আসে ওই অতি ভৈরব হরষে’, ‘আজ আকাশের মনের কথা’, ‘উতল-ধারা বাদল ঝরে’, ‘আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু’, ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’, ‘কোথা বিরহিনী, কোথা তোরা অভিসারিকা’ অন্যতম।