উত্তরের মেলা-পার্বণে যাত্রা
শীত এলেই উত্তরাঞ্চলে শুরু হয় মেলা-পার্বণ। আর মেলা-পার্বণ মানেই নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান। যাত্রাগান এর মধ্যে অন্যতম, এক প্রকার বাধ্যতামূলক বলা চলে। এবার শীতে প্রথমে মেলা শুরু হয়েছিল দিনাজপুরের বীরগঞ্জ কালীর মেলা। পৃথক চারটি যাত্রা-প্যান্ডেলে দুই দফায় আটটি দলের গান-বাজনায় মুখর ছিল এ মেলা। এতে অংশ নেয় চৈতালী অপেরা, পদ্মা অপেরা, মৌসুমী অপেরা, আজাদ অপেরা, কোহিনূর অপেরা, চ্যালেঞ্জার অপেরা, আনন্দ অপেরা ও নিউ রাজমহল অপেরা। এ মেলার সফলতা লক্ষ করে ঠাকুরগাঁওয়ের রুহিয়া আজাদ মেলা ও পঞ্চগড়ের আটোয়ারী আলোখোয়া মেলা শুরু হয়। মেলার প্রাঙ্গণ মুখর হচ্ছে শুভযাত্রা ইউনিট, নিউ ভোলানাথ অপেরা, নিউ রংমহল অপেরা, আদি রাজমহল অপেরা ও নিউ প্রতিমা অপেরার মঞ্চায়নে।নওগাঁর একটি গ্রামীণ মেলায় পালা পরিবেশন করছে নিউ শিরিন অপেরা। জেলার আত্রাইয়ে চলছে কেয়া যাত্রা ইউনিটের গান। পাবনার গ্রামাঞ্চলে এখনো চলছে ঈদ আনন্দ মেলা। সুজানগর মেলায় মোহন অপেরা ও দেশশ্রী অপেরা টানা মঞ্চায়ন করে আসছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাট মেলা, মহারাজপুর মেলা ও রাজশাহীর বাঘামেলা সবে শেষ হয়েছে। উত্তরাঞ্চলের প্রতিটি মেলায় যাত্রার আসর ছিল সরগরম। তীব্র শীত আর ঘন কুয়াশায় আচ্ছাদিত উত্তরাঞ্চল, কিন্তু যাত্রার সম্মোহনী শক্তির কাছে শীত-কুয়াশা হার মেনেছে। দর্শক আসছে প্রাণের উচ্ছ্বাসে, উদ্বেলিত হয়ে। নিউ ভোলানাথ অপেরার গান শুনেছেন এমন এক দর্শক ঠাকুর দাস। পেশায় শ্রমজীবী। তিনি জানান, দিনের কর্মক্লান্ত মানুষের ক্লান্তি দূর হয় পালাগানের আনন্দঘন মঞ্চায়ন দেখলে। আনন্দ অপেরার পালা দেখে স্কুলশিক্ষক শেখ বকতিয়ার বলেন, নীতিশিক্ষা, হিতোপদেশ ও সাম্য-সম্প্রীতির পালা দেখলে গায়ের ভেতর এক প্রকার ভাবান্দোলনের সৃষ্টি হয়। আনন্দ উপভোগের পাশাপাশি যাত্রা থেকে শিক্ষা নেওয়া যায়। বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র জানান, কয়েক শ বছর ধরে হয়ে আসছে বীরগঞ্জের কালীর মেলা। উত্তরাঞ্চলের মেলাগুলো প্রায়ই পার্বণকেন্দ্রিক। কালীর মেলাও তা-ই। এ মেলায় যাত্রা থাকে বাধ্যতামূলক। হাজার হাজার দোকানি বসে পসরা সাজিয়ে। রাতে কেনা-বেচার পর তারা যাত্রা দেখে। তাই এত লোকের সামাল দিতে অনেক প্যান্ডেল করতে হয়। গতবার আটটি প্যান্ডেল ছিল। এবার চারটি। একসঙ্গে চারটি প্যান্ডেলে প্রতি রাতে কম করে হলেও আট হাজার দর্শক যাত্রা দেখে। এ থেকেই বোঝা যায় যাত্রার কদর কত বেশি!