পাকিস্তানি সেনাদের বুটের লাথি খেয়েছেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও সরাসরি যুদ্ধে যেতে না পারার আক্ষেপটা তবু থেকেই গেছে। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী উত্তাল একাত্তরের সেই গল্প করেছেন কবির বকুলের কাছে।

আমার বয়স তখন ১৭। রেডিওতে বেহালা বাজাই। আমরা থাকতাম পীরজঙ্গী মাজারসংলগ্ন মতিঝিল এজিবি কলোনিতে। ওই সময় এখানে ছাত্রলীগের কার্যক্রম ছিল বেশ সক্রিয়। এ কারণে রাজনৈতিকভাবে পীরজঙ্গী মাজার এলাকাটি তখন বেশ আলোচিত। একবার বাসাব বৌদ্ধ মন্দির থেকে মোনায়েম খান ফিরছিলেন। পীরজঙ্গী মাজার আসতেই তাঁর গাড়ি ছাত্র-যুবকদের ধাওয়ার মুখে পড়ে। ওরা গাড়িতে মুষলধারে জুতো ছুড়ে মারতে থাকে।
২৫ মার্চের পর ঢাকার চেহারা একদম পাল্টে যায়। যুদ্ধের জন্য তরুণেরা গোপনে সংগঠিত হতে থাকে। মতিঝিল, কমলাপুর, শাহজাহানপুর এলাকার অসংখ্য তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমরাও বিভিন্নভাবে তাদের সহযোগিতা করতে থাকি। আমার ভাই ধীর আলী ও মনসুর আলী রেডিওতে তখন সংগীত পরিচালক হিসেবে চাকরি করেন। তাঁরা রেডিওর আর্কাইভস থেকে আবদুল আহাদ, শেখ লুৎফর রহমান, আবদুল লতিফের সুর করা অনেক গানের রেকর্ড বের করে গোপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠাতে লাগলেন। এই রেকর্ডগুলো প্রতিদিন স্বাধীন বাংলা বেতার থেকে বাজানো হতো। এই খবরটি আমাদেরই পরিচিত একজন রেডিওর কর্মকর্তা এবং সংগীত পরিচালক (নামটা না-ই বলি) পাকিস্তানি সেনাদের জানিয়ে দেন।
জুলাইয়ের শেষের দিকে এজিবি কলোনি-সংলগ্ন একটি পাওয়ার স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় ধরপাকড়। যারা ছাত্ররাজনীতি করত, তারা সবাই পালিয়ে যায়। আমিও তখন কলোনির বাসা ছেড়ে মালিবাগ সার্কুলার রোডে আমার ভাই ধীর আলী ও মনসুর আলীর বাড়িতে আশ্রয় নিই।
এক রাতে ওই রেডিও কর্মকর্তা পাকিস্তানি সেনাদের নিয়ে আমাদের এজিবি কলোনি থেকে আমার বাবা যাদব আলীকে ধরিয়ে দেয়। তারা বাবাকে মারধর করে ধীর আলী ও মনসুর আলীর কথা জানতে চায়। বাবাকে নিয়েই এরপর তারা যেখানে আমি লুকিয়ে ছিলাম, সেখানে আসে। সঙ্গে ওই কর্মকর্তা। ধীর আলী ও মনসুর আলী এবং আমাকে ধরে তারা মারধর শুরু করে। অভিযোগ, আমরা রেডিওর গান ওই পারে পাচার করেছি। এরপর তারা পুরো বাড়ি খোঁজ করে কিছু লিফলেট, গানের রেকর্ড পায়। মারতে মারতে আমাদের গাড়িতে নিয়ে তোলে। আমার বাবা আমাকে দেখে দৌড়ে গিয়ে ওদের হাতে-পায়ে ধরে বলেন, ও তো ছোট মানুষ। ওকে ছেড়ে দেন। তারপর পাকিস্তানি সেনার এক কর্মকর্তা লাথি মেরে আমাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। বাবাকে এবং আমার দুই ভাইকে ওরা ধরে নিয়ে যায়। তারপর মধ্যরাতে বাবাকে ছেড়ে দিলেও দুই ভাইকে ছাড়ে না।
পরদিন থেকে বিভিন্ন জায়গায় দুই ভাইয়ের খোঁজ করি, কিন্তু কোথাও পাই না। পাঁচ দিন পর দুই ভাইকে খুঁজে বের করার জন্য আমার এক অবাঙালি সহকর্মী ইকবালকে (বেহালাবাদক) গিয়ে ধরি। সে আমাকে নিয়ে যায় রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে একটি ভবনের তিনতলায় আমার দুই ভাইকে খুঁজে পাই। প্রচণ্ড মারধর করায় তারা তখন অর্ধমৃত। ইকবাল পাকিস্তানি সেনাদের ঊর্ধ্বতনদের কাছে ওদের ছেড়ে দেওয়ার জন্য তদবির করে। ওই সময় রাও ফরমান আলী সরকারের সাধারণ ক্ষমা চলছিল। আমার দুই ভাই ’৬৭-৬৮ সালে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া ‘ও আমার জিলান নদীর পানি’ গানটির জন্য সুরকার হিসেবে ‘তঘমাই ইমতিয়াজ পুরস্কার’ পেয়েছিলেন, তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আমি সরাসরি যুদ্ধে যেতে না পারলেও মুক্তিযোদ্ধাদের খাদ্য সরবরাহ, টাকাপয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছি নিয়মিত। দেশ স্বাধীন হওয়ার পর বেহালাবাদক হিসেবে আবার রেডিও টেলিভিশনে কাজ শুরু করি। একদিন আমার বন্ধু লীনু বিল্লাহ (সংগীতশিল্পী) একটা গান নিয়ে এসে বলল গানটি সুর করতে। গানটির গীতিকার ছিলেন আবুল ওমরাহ মো. ফখরুদ্দিন। লীনু জানাল, এই গীতিকবি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ চলাকালীন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এ গানটি তিনি লিখেছেন। যুদ্ধে যেতে পারিনি, তবে দেশপ্রেম নিয়েই এই গানটি আমি তখন সুর করি। গানটি লীনু বিল্লাহ প্রথম বিটিভিতে গায়। পরে আমি এক ঝাঁক বলাকা নামে একটি ছবিতে এই গানটিই সাবিনা ইয়াসমীনকে দিয়ে প্লেব্যাক করাই। ছবিটি শেষ পর্যন্ত মুক্তি না পেলেও সাবিনার কণ্ঠে গানটি ভীষণ জনপ্রিয় হয়। গানটি ছিল ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে’।