উদীচীর চার যুগপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিএসসিতে গান করছেন উদীচীর শিল্পীরা
টিএসসিতে গান করছেন উদীচীর শিল্পীরা

প্রতিষ্ঠার চার যুগ পূর্ণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদ্‌যাপিত হলো সংগঠনটির ৪৮তম জন্মদিন। উদীচীর শিল্পীদের সমবেত কণ্ঠে গণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘এখন দুঃসময় আর দেরি নয়’, ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’ শিরোনামের প্রতিবাদী গান। এরপর লোকসংগীতশিল্পী সাইদুর রহমান বয়াতি ও তাঁর দল পরিবেশন করেন লোকগান। আবুল বাশার বয়াতি করেন দুটি প্রতিবাদী লোকগান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় আলোচনা পর্ব। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে তাতে অংশ নেন উদীচীর নেতারা। আলোচনার পর আবারও ছিল গান ও আবৃত্তি। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ আরও কয়েকজন প্রগতিশীল মানুষ গড়ে তোলেন ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’।