উদীচীর জাতীয় গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ এপ্রিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে ‘সপ্তম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর জন্মদিনকে উপলক্ষ করে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়োজিত এবারের উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’। আজ শুক্রবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্ব। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা।

‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়-এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনূর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনুর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতা (‘ঘ’ বিভাগ)-এর ক্ষেত্রে কমপক্ষে চারজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয় ছিল। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গণসংগীত শিল্পী ও সুরকার সেলিম রেজা, শাহীন সরদার এবং সোহানা আহমেদ।
প্রতিযোগিতা শুরুর আগে উদ্বোধনী পর্বে উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন তিন বিচারক সেলিম রেজা, শাহীন সরদার, সোহানা আহমেদ এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী ঢাকা মহানগর সংসদের সংগীত বিষয়ক সম্পাদক বিপ্লব রায়হান।
প্রতিযোগিতায় ঢাকা জেলা পর্বে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সিদরাতুল মুনতাহা, আর দ্বিতীয় হয়েছে নূর জাকিয়া। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে নূসরাত জাহান এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়ানূর আক্তার। ‘গ’ বিভাগে প্রথম হয়েছেন শ্রাবণী গুহ রায়। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন মো. আল আমিন শরীফ। আর দলীয় অর্থাৎ ‘ঘ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে উদীচী মিরপুর শাখা। আগামী ১৮ মার্চ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পর্যায়ের বিজয়ীরা।
আগামী ১ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর আগে দেশে ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। সেখানে যারা বিজয়ী হবেন তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।