‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে উদীচীর ঢাকা জেলার গণসংগীত প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সম্মেলনকক্ষে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা।
‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একক প্রতিযোগিতার বয়সের বিবেচনায় ‘ক’ বিভাগ, ‘খ’ বিভাগ ও ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতার (‘ঘ’ বিভাগ) ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পী অংশগ্রহণ করেছেন। গতকালের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার ও সোহানা আহমেদ।
সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বে উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন তিন বিচারক, উদীচী ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক শিবানী ভট্টাচার্য এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এরপর শুরু হয় প্রতিযোগিতা।