উদীচীর জাতীয় সম্মেলন ২৪ ও ২৫ ডিসেম্বর
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা মায়েরা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফা নূর উল ইসলাম।শোভাযাত্রা শেষে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মেলনের বাকি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াও উভয় দিনই সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।জানা গেছে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলছে। জাতীয় সম্মেলনকে ঘিরে এরই মধ্যে সারা দেশে উদীচীর বিভিন্ন শাখা ও জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে চেয়ারম্যান ও প্রবীর সরদারকে আহ্বায়ক করে সপ্তদশ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।