
রবীন্দ্র-নজরুল-সুকান্ত—এ তিন কবিকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজন করে রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই ছিল সমবেত কণ্ঠে তিন কবির গান। পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এরপর ছিল আলোচনা। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মনিরুজ্জামান, উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও নজরুল গবেষক তাহা ইয়াসিন এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী।
আলোচনা সভায় ‘সংগীত ও রবীন্দ্রনাথ’ বিষয়ে নিজের লেখা প্রবন্ধ নিয়ে আলোচনা করেন অধ্যাপক মনিরুজ্জামান। ‘দেশকালের প্রেক্ষাপটে নজরুলের জীবন’ বিষয়ে আলোচনা করেন তাহা ইয়াসিন। সুকান্ত ভট্টাচার্যের রাজনৈতিক আদর্শ এবং চিন্তাচেতনা নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে, সব ধরনের মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য সব সময়ই আলোকবর্তিকা হিসেবে আমাদের পথ দেখাবেন।’ আলোচনাপর্ব সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
আলোচনার পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতে মাহমুদ সেলিমের একক সংগীত। আবৃত্তি করেন কাজী মদিনা এবং বেলায়েত হোসেন। একক পরিবেশনার পর উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ারের গ্রন্থনায় আলেখ্যানুষ্ঠান ‘হে সাথি আজকে স্বপ্নের দিন গোন’ নিয়ে মঞ্চে আসেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। গান, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে অনবদ্য আলেখ্যানুষ্ঠানটি বৃষ্টির সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সমাগত দর্শকের জন্য ছিল বাড়তি পাওনা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী অনুষ্ঠান।