উদীচীর তিন কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান
মানবতাবাদ, মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও বৈষম্যের অবসানে বিশ্বাসী বাঙালির প্রধান তিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য। এই তিন কবি তাঁদের সব সৃষ্টির মাধ্যমে সব সময় জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিকতাবাদের আদর্শে মহামানবের মিলনক্ষেত্রে সম্মিলিত হওয়ায় প্রয়াসী ছিলেন। বাংলা সাহিত্যের এই তিন লেখকের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গতকাল বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বিশেষ এই আয়োজনে ছিল সেমিনার, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ভারতের ক্যালকাটা কয়্যার ও উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। মিলনায়তনের প্রবেশমুখে শিল্পী মুহাম্মদ সালাউদ্দিনের সুকান্তের কবিতা নিয়ে আঁকা নিরীক্ষাধর্মী চিত্রকর্ম প্রদর্শিত হয়। সেমিনারে কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে ‘রবীন্দ্র বিশ্ববীক্ষা ও বর্তমান বিশ্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম এম আকাশ। অধ্যাপক সৌমিত্র শেখর উপস্থাপন করেন ‘নজরুল: সংগ্রামে প্রেমে’ শিরোনামে এবং অধ্যাপক নিরঞ্জন অধিকারী উপস্থাপন করেন ‘নাট্যকার সুকান্ত’। তাঁদের উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক শফিউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক শম্পা দাস এবং তপন বাগচী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।