উদীচীর তিন দিনব্যাপী কনভেনশন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে আজ রোববার তিন দিনব্যাপী সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শেষ হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে এই কনভেনশনের উদ্বোধন করেন তিন প্রবীণ বিপ্লবী কামাক্ষা রায় চৌধুরী, জসীম উদ্দিন মণ্ডল ও অধ্যাপক যতীন সরকার। কনভেনশনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন ও জাপানের প্রতিনিধিরা অংশ নেন।

তিন দিনব্যাপী এই কনভেনশনে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক মঞ্চ গঠিত হয়েছে। উদীচীর সভাপতি কামাল লোহানীকে মঞ্চের আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ মঞ্চ আগামী দিনে দক্ষিণ এশীয় দেশগুলোতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে।

সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষণা পাঠ করেন কামাল লোহানী। এ ঘোষণায় স্বাক্ষর করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। সমাপনী দিনে বিপ্লব রায়হানের গ্রন্থনায় গীতি-আলেখ্য ‘স্বাধীনতার গল্প’ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ঢাকা ঘোষণার উল্লেখযোগ্য অংশগুলো হলো—প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের ভাবাদর্শের বিরুদ্ধে লড়াই করা। মতপ্রকাশের স্বাধীনতা ও অনুভূতি প্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হওয়া। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, শান্তি, লিঙ্গ সমতা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করা। অমানবিক সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সাম্রাজ্যবাদী সামরিক জোটসমূহের বিরুদ্ধে কথা বলা এবং বিদেশে অবস্থিত সাম্রাজ্যবাদী সামরিক স্থাপনা ও মোতায়েন করা সেনা প্রত্যাহারের দাবি জানানো।

কনভেনশনের দ্বিতীয় দিনে শোষকদের বিরুদ্ধে শোষিতের সার্ক গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক যতীন সরকার। তিনি বলেন, বাংলার আবহমান সংস্কৃতিতে ধর্মবিশ্বাস যেভাবে শক্তপোক্তভাবে জায়গা নিয়ে রয়েছে, ঠিক একইভাবে অসাম্প্রদায়িক চেতনা বা পরমতসহিষ্ণুতাও তাদের মননের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বাংলার কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ একই সঙ্গে ধর্মভীরু ও অসাম্প্রদায়িক। আর মৌলবাদীরা নানা অপকৌশলে মানুষের মনে অসাম্প্রদায়িকতার এই ভিত্তিটিকে দুর্বল করে দিতে চাইছে। এদের রুখতে হবে।