উদীচীর নতুন নাটক ‘রাজনৈতিক হত্যা’
উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ তার সপ্তদশ প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে প্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ পল সার্ত্রের লা মা সাল অবলম্বনে রাজনৈতিক হত্যা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে ছিল এর উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটি অনুবাদ করেছেন পশ্চিমবঙ্গের নাট্যকর্মী অর্পিতা ঘোষ এবং নির্দেশনা দিয়েছেন রতন দেব। মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ ইলিথিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনি। ইলিথিয়ার সরকার জার্মানির সঙ্গে চুক্তিবদ্ধ। একসময় দেখা যায়, সোভিয়েত সেনাবাহিনী দেশটি দখল করতে আসছে। এসব নিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া সেনগুপ্তা, আসলাম অরণ্য, মনোহর চন্দ্র দাস, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম, মৌমিতা জান্নাত, কামরুল হাসান, রিফাত হোসেন, আলমগীর হোসন, বিজন রায় ও মাসুমুর রহমান। প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধপাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদ। শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবি। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য বিশ্ব জনমত গড়ার লক্ষ্যে দিল্লি অভিমুখে একদল বাংলাদেশির পদযাত্রা। মুক্তিযুদ্ধের সময়কার এমন আরও কিছু চিত্র ক্যামেরাবন্দী করে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ফরিদ আহমেদ। নাম দিয়েছেন একাত্তরের পদযাত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব-২০১১। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ প্রমাণ্যচিত্র পর্ষদ। উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি শবনম ফেরদৌসী। বক্তব্য দেন উৎসব পরিচালক রেশমী আহমেদ, পর্ষদের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী ও উপদেষ্টা মানজারে হাসিন। উদ্বোধনী অধিবেশনে চলচ্চিত্রকার জহির রায়হানকে মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হয়। একাত্তরের পদযাত্রী ছাড়া উদ্বোধনী দিনে আরও প্রদর্শিত হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকট নিয়ে নির্মিত সাইফুল ওয়াদুদের প্রামাণ্যচিত্র সিনেম্যানিয়া এবং চাকরিজীবী বাবা-মায়ের সন্তানের একাকিত্ব নিয়ে সাইফুল ইসলামের এভরি ডে ইজ ফ্রাইডে।আয়োজকরা জানান, উৎসবে প্রাধান্য পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্যচিত্র। এ ছাড়া বাংলাদেশের আদিবাসী, বাউল এবং সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে নির্মিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। উৎসব চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।