উদীচীর নতুন নাটক ‘লেটোর দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে নতুন নাটক মঞ্চে আনছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক বিভাগ। কাজী নজরুল ইসলামের লেটো গানের দলের ওপর ভিত্তি করে লেখা হয়েছে নাটকটি। নাম লেটোর দল। এটি লিখেছেন রতন সিদ্দিকী ও নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির। এখন নাটকটির নিয়মিত মহড়া করছেন উদীচীর নাট্যকর্মীরা। রতন সিদ্দিকী বলেন, কাজী নজরুল ইসলামের প্রথম জীবনের একটি বড় অংশজুড়ে রয়েছে লেটোর গান ও লেটোর দল। নাটকটিতে সরাসরি তাঁর জীবনকাহিনি তুলে ধরা হচ্ছে না। তবে একটি লেটোর দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা, দ্বন্দ্ব-সংঘাত, মতবিরোধ তুলে ধরা হয়েছে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে ঐতিহাসিক বঙ্গভঙ্গের ক্ষতিকর প্রভাব কীভাবে লেটোর দলের সদস্যদের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছিল এবং সাম্প্রদায়িক বিভক্তির মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী লেটোর গানকে কীভাবে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছিল, থাকছে তা-ও। ফয়েজ জহির বলেন, শুধু হতাশা নয়, নাটকের শেষে রয়েছে আশার বাণী।