উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী, সংগ্রামী সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ কয়েকজন প্রগতিশীল, মুক্তচিন্তার মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠে উদীচী। প্রতিষ্ঠাকাল থেকেই একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজব্যবস্থার দাবিতে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে সংগঠনটি। ঐতিহ্যবাহী এ সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠান নতুন-পুরোনো কর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ৪৪টি প্রদীপ প্রজ্বালন করা হয়। আলোচনা-পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমরেড মোরশেদ আলী। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, উদীচীর উপদেষ্টামণ্ডলীর সদস্য মোনায়েম সরকার, সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, আশরাফুজ্জামান সেলিম, নিরঞ্জন অধিকারী, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, মাহমুদ সেলিম, ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ এবং কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার। আলোচনা শেষে উদীচীর শিল্পী স্বর্ণময়ী মণ্ডলের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম তোমায় গান শোনাব-এর মোড়ক উন্মোচন করা হয়। দ্বিতীয় পর্বে সম্মেলক গান, একক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।কলম্বোতে আর্ট ক্যাম্প কলম্বোর সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল বীরজায়াতে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস এবং ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ‘বেঙ্গল-বিএটিবি আর্ট ক্যাম্প ২০১২’ ২৭ অক্টোবর শেষ হয়েছে। বেঙ্গল গ্যালারির পরিচালক সুবির চৌধুরী জানান, ২৪ অক্টোবর এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান। বাংলাদেশের ১২ জন বিশিষ্ট শিল্পী এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। শিল্পীরা জাতিসংঘ ঘোষিত ২০১৩ সালে পানি সংরক্ষণ বিষয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, তাকে বিষয় করে ছবি এঁকেছেন।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রণজিত্ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল নিপা এবং বিশ্বজিত্ গোস্বামী। অতিথি শিল্পী ছিলেন তাহেরা খানম ও আবুল মনসুর। ১৪ জন শিল্পীসহ ১৭ সদস্যের প্রতিনিধিদল গতকাল ২৯ অক্টোবর দুপুরে ঢাকায় ফেরত এসেছে বলে জানা গেছে বেঙ্গল গ্যালারি সূত্রে।