উদীচীর বর্ষামঙ্গলে প্রকৃতি রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে খানিকটা মেঘ জমেছিল আকাশে। তবে আভাস দিয়েও বৃষ্টি নামল না। বরং দেখা দিল রোদ। বৃষ্টি না হলেও আষাঢ়ের প্রথম দিনে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষামঙ্গল অনুষ্ঠানে উৎসাহের কমতি ছিল না। সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে নানামাত্রিক আয়োজনে বর্ষামঙ্গল উদ্‌যাপন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বর্ষামঙ্গল আয়োজনে ছিল আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তিসহ পরিবেশ রক্ষায় বিনা মূল্যে বৃক্ষ-ফলফলাদির চারা বিতরণ অবধি বৈচিত্র্যময় কর্মসূচি।

বৃষ্টি না হলেও বর্ষামঙ্গল সার্থক হয়েছে। প্রকৃতির স্নানের কাজটি আগের দিন সম্পন্ন হয় বুধবারের অজস্র জলধারায়। তবে প্রতিবছর বর্ষা উৎসব উদ্‌যাপন করলেও এবার রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে বহু লোকের প্রাণহানিতে সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ষামঙ্গল’।
সকাল ৭টায় পাহাড় ধসে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বিশিষ্ট বাঁশিবাদক শেখ আবু জাফরের একক বংশী বাদনের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তিনি বাঁশিতে ‘মেঘ মেদুর বর্ষায় কোথা তুমি’ গানটির সুর তোলেন। এরপর ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’ গানটির সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন বেনজীর আহমেদ। বাচিক শিল্পী ডালিয়া আহমেদের আবৃত্তি পরিবেশনের পর এরপর অনিক বসুর পরিচালনায় ‘স্পন্দন’-এর শিল্পীরা ‘মেঘের পালক’ গানটির সঙ্গে পরিবেশন করেন দলীয় নৃত্য। এরপর একক সংগীত পরিবেশন করেন লোক শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস। তিনি শোনান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ গানটি। এরপর কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী বেলায়েত হোসেন।

গীতিআলেখ্য “বিহ্বল বর্ষায়” পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা ছবি প্রথম আলো
গীতিআলেখ্য “বিহ্বল বর্ষায়” পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা ছবি প্রথম আলো

এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেনের গ্রন্থনায় গীতিআলেখ্য “বিহ্বল বর্ষায়” পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে রচিত গীতিনৃত্যালেখ্যে বর্ষার নানা রূপ ও স্বাদের সঙ্গে পরিচয় ঘটানো হয়। এরপর মঞ্চে দলীয় পরিবেশনা উপস্থাপন করে উদীচী বিভিন্ন শাখার শিল্পীরা। ইকবাল খোরশেদের একক আবৃত্তির পর একক সংগীত পরিবেশন করেন শামীম আল মামুন, সাজেদা বেগম সাজু, অবিনাশ বাউল, মায়েশা সুলতানা এবং জাকির হোসেন।
উদীচী ঢাকা মহানগর সংসদের সহসাধারণ সম্পাদক রহমান মুফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বর্ষা কথন। উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে এ পর্বে অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। এ পর্বে বর্ষা কথন পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম। আর বর্ষা ঘোষণা পাঠ করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। বর্ষা ঘোষণায় প্রাণ-প্রকৃতি রক্ষার ওপর জোর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সবশেষে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের শিল্পীরা পরিবেশন করেন বর্ষায় হাওরের মানুষের জীবনসংগ্রাম নিয়ে নাটিকা ‘হাওরনামা’।

উদীচীর বর্ষা মঙ্গলে ছিল সমবেত নৃত্য পরিবেশনা- ছবি প্রথম আলো।
উদীচীর বর্ষা মঙ্গলে ছিল সমবেত নৃত্য পরিবেশনা- ছবি প্রথম আলো।