শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শান্তনু কায়সার, গণজাগরণ মঞ্চের কর্মী প্রয়াত রাজীব হায়দারের বাবা নাজিম উদ্দিন। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গণসংগীত নিয়ে একটি আলেখ্যানুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পী-কর্মীরা। এরপর ছিল শোভাযাত্রা। সন্ধ্যায় উদ্বোধক আমান উল্লাহ গায়েনের পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সিলেটের লাক্কাতুরা চা-বাগান শাখার শিল্পীরা পরিবেশন করেন চা-বাগানের গান। বান্দরবান জেলার শিল্পীরা পরিবেশন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য। নরসিংদী উদীচীর শিল্পীরা পরিবেশন করেন জারি গান। গীতি নৃত্যনাট্য পরিবেশন করেন গোপালগঞ্জ জেলার শিল্পীরা।