উদীচীর সাংস্কৃতিক সম্মেলন ২১ অক্টোবর
উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন শুরু হচ্ছে ২১ অক্টোবর। তিন দিনের এই সম্মেলনের এবারের স্লোগান ‘মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না’। উদীচীর প্রচার সম্পাদক পিন্টু সাহা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে এই সাংস্কৃতিক সম্মেলন উদ্বোধন করবেন রাজবাড়ীর পাংশায় মৌলবাদীদের হাতে লাঞ্ছিত ও নির্যাতিত বাউলেরা। এই সম্মেলনের উদ্দেশ্য প্রসঙ্গে পিন্টু সাহা জানান, উদীচীর লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে বাংলাদেশের আঞ্চলিক পরিবেশনাগুলোকে একত্র করে এক মঞ্চে উপস্থাপন করা এবং তার প্রচার ও প্রসার ঘটানো। সারা দেশ থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিভিন্ন শাখার প্রায় আড়াই হাজার শিল্পী-কর্মী-বন্ধু এই সাংস্কৃতিক সম্মেলনে যোগ দেবেন। তিন দিনের এই সাংস্কৃতিক সম্মেলনে তারা যাত্রাপালা, পথনাটক, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গীতি-আলেখ্য, গণসংগীত, লোকনৃত্য, গম্ভীরা, বাউল, জারি-সারি-ভাটিয়ালি-ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, ঘেটুগান, বিয়ের গান, নৌকাবাইচের গান, যন্ত্রসংগীত পরিবেশন করবেন। আরও থাকবে বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধারা নিয়ে সেমিনার ও আলোচনা সভা। এদিকে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে চেয়ারম্যান ও সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ারকে আহ্বায়ক করে ৮২ সদস্যবিশিষ্ট জাতীয় সাংস্কৃতিক সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।