উদীচীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী, সংগ্রামী সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তসহ কয়েকজন প্রগতিশীল, মুক্তচিন্তার মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠে উদীচী। ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম জানান, শুরু থেকেই একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজব্যবস্থার দাবিতে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে উদীচী। পাশাপাশি বাংলাদেশের মাটিতে বিরাজমান সব সংস্কৃতির রক্ষা ও প্রসারের চেষ্টায় রত আছে উদীচী। উদীচীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলায় সংগঠনের বর্তমান নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন সময় উদীচীর লড়াই-সংগ্রামের সাথি নেতা-কর্মীরা। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা। এতে উদীচীর শিল্পী স্বর্ণময়ী মণ্ডলের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘তোমায় গান শোনাবো’র মোড়ক উন্মোচনও করা হবে।