উদীচীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে ২৯ অক্টোবর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার সম্পাদক কঙ্কন নাগ জানিয়েছেন, ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার উদীচীর শিল্পীরা গণসংগীত, পথনাটক, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন। আরও থাকবে নানা রঙে রঙিন শোভাযাত্রা।
এ ছাড়া উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থাকবেন ভাষাসৈনিক আহমদ রফিক, নাট্যব্যক্তিত্ব মাসুদ আলী খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কাজী মদিনাসহ দেশের সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করেছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। পাকিস্তানের শাসন-শোষণের বিরুদ্ধে যখন বাংলার আপামর জনগণ ফুঁসে উঠছিল, একটি কালজয়ী গণ-অভ্যুত্থান যখন উঁকি দিচ্ছিল, ঠিক তেমন একটি সময়ে সংগ্রামী শিল্পী, বিশিষ্ট সাংবাদিক, ঔপন্যাসিক ও কৃষকনেতা সত্যেন সেনের নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সত্যেন সেনের সঙ্গে উদীচী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাংবাদিক ও সাহিত্যিক রণেশ দাশগুপ্তসহ সেই সময়ে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্ররা।
জন্মলগ্ন থেকেই উদীচী নানা দুঃখ-দুর্দশা এবং অধিকার সম্পর্কে মানুষকে গণসংগীতের মাধ্যমে সচেতন করে আসছে। উদীচীর গণসংগীতের মধ্য দিয়ে বারবার প্রতিধ্বনিত হয়েছে কৃষকের ভাতের দাবি, শ্রমিকের শ্রমের ন্যায্য দাবির কথা। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরোধিতা করার পাশাপাশি দেশীয় দখলদার-মজুতদার-মুনাফাখোর, কালোবাজারিরা যখনই দেশের সম্মান বিনষ্ট করতে চেয়েছে, তখনই তার বিরুদ্ধে উদীচীর শিল্পীরা গেয়ে উঠেছেন গণসংগীত। বিভিন্ন সময়ে দেশের তেল-গ্যাস খনিজ সম্পদ পাচার, সাম্প্রদায়িকতা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার অসারতাকে ব্যঙ্গ করেও সোচ্চার হয়েছে উদীচী।
গণসংগীতের আরও বেশি বিস্তার ঘটানো, গণসংগীত যাতে আরও বেশি শ্রমজীবী মানুষকে উজ্জীবিত করতে পারে, তার অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে পারে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে শিল্পীরা যাতে এসব বঞ্চিত-নিপীড়িত-শোষিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে উদীচী ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
শুধু গণসংগীত নয়, বাংলাদেশের পথনাটকের ক্ষেত্রেও উদীচীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে দেশবাসীকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে উদীচী ঢাকা নগর ও শ্রমিক অঞ্চলে ‘শপথ নিলাম’ নামে পথনাটক পরিবেশন করে। অল্প কয়েক দিনের মধ্যেই ঢাকার বিভিন্ন অঞ্চলে এই পথনাটক মঞ্চস্থ হয় এবং গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখে। এর পরই জহির রায়হানের পোস্টার গল্প অবলম্বনে কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য স্থানে পথনাটক মঞ্চস্থ করা হয়।
রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দেশের প্রতিটি ঝড়-ঝঞ্ঝা-দৈব-দুর্বিপাকে, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উদীচী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে নামেন উদীচীর শিল্পী ও কর্মীরা। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা অস্ত্র জমা দিয়ে আবার হাতে তুলে নেন ঢোল, করতাল, হারমোনিয়াম, তবলা আর নাটকের পাণ্ডুলিপি।
বাংলাদেশে প্রাচীনকাল থেকে বিদ্যমান গণসংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উদীচী। ১৯৯০ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো লোকসংগীত উত্সব আয়োজন করা ছাড়াও ধারাবাহিকভাবে বাংলার ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় শিল্প-সংস্কৃতির নানা ধারাকে পুনরুজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, বাধাবিপত্তি, আনন্দ-বেদনার মধ্য দিয়ে উদীচী পার করেছে ৪৫টি বছর। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সংগ্রামে যুক্ত থেকেছে উদীচী। এ ছাড়া অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল জাতি গঠনেও ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। জাতীয় পর্যায়ে এ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একুশে পদক ২০১৩’ প্রদান করা হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীকে।