উদীচীর ‘গণমানুষের গান’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবার গণসংগীতের অ্যালবাম প্রকাশ করছে। নাম গণমানুষের গান। এরই মধ্যে মগবাজারের অন্তরা স্টুডিওতে ১২টি গানের ধারণকাজ শেষ হয়েছে। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম। তিনি বলেন, ‘উদীচীর সঙ্গে কাজ করতে গিয়ে তাদের নিষ্ঠা ও প্রত্যয় আমাকে মুগ্ধ করেছে। শুধু গান গাওয়া নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে উদীচীর শিল্পীরা। অ্যালবামের গানগুলো খুবই ভালো হয়েছে। দেশ ও মানুষের প্রতি নিবেদিতপ্রাণ কয়েকজন তরুণ শিল্পী-কর্মী এতে কণ্ঠ দিয়েছে। তাদের গানে এই প্রেম ও তারুণ্য শতভাগ প্রকাশিত হয়েছে।’উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম বলেন, ‘গণমানুষের মুক্তির লক্ষ্যে আজন্ম সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে উদীচী। দেশের মানুষকে জাগিয়ে তুলতে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই অ্যালবাম বিশেষ ভূমিকা রাখবে।’অ্যালবামে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১২টি গণসংগীত রয়েছে। ২৭ মার্চ সত্যেন সেন গণসংগীত উৎসবের উদ্বোধন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত চত্বরে নির্মিত মঞ্চে। ওই দিন গণমানুষের গান অ্যালবামের মোড়ক খোলা হবে। সত্যেন সেন গণসংগীত উৎসবের আহ্বায়ক অমিত রঞ্জন দে জানান, এটি উদীচীর পঞ্চম প্রযোজনা।