উদীচীর নৃত্য কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে নৃত্য কর্মশালা চলছে
উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে নৃত্য কর্মশালা চলছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং কর্মশালার প্রশিক্ষক কামরুল হাসান বক্তব্য দেন। বক্তৃতা শেষে শুরু হয় কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম।
প্রথম দিনের ক্লাস উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে হলেও পরবর্তী সব দিনের ক্লাস রাজধানীর পুরানা পল্টনে কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় অনুষ্ঠিত হবে বলে জানান উদীচীর প্রচার সম্পাদক কংকন নাগ। তিনি আরও জানান, এবারের কর্মশালায় মূলত ভরতনাট্যম এবং লোকনৃত্যের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মশালার ক্লাস চলবে। নৃত্যশিল্প বিষয়ে আরও ভালো করে জানা এবং এর চর্চা বৃদ্ধিই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সমাপ্তি টানা হবে সপ্তাহব্যাপী এ কর্মশালার।