উদীচীর মাসব্যাপী ভাষা অভিযাত্রা শুরু

আদালত ও দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শুরু করল মাসব্যাপী ‘ভাষা অভিযাত্রা’ কর্মসূচি। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে অভিযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজিত হয় উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালা। উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী। কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, ডা. চন্দন দাশ ও ড. শাশ্বত ভট্টাচার্য্য। আলোচনা পর্বের শুরুতে কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। আলোচনার পর ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতাসংগ্রামের সময়কার বিভিন্ন গান ও আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
ফেব্রুয়ারি মাসজুড়ে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন জেলা ও শাখা সংসদ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবিতে পোস্টার-প্রচারপত্র বিতরণ, রচনা প্রতিযোগিতা, প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে পদযাত্রা, পথনাটক, গান, আবৃত্তি, নৃত্য ও পথসভার আয়োজন করবে। এ ছাড়া থাকবে সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষা, ভাষার ভুল ও বিকৃতি রোধের দাবিতে নানা কর্মসূচি।