উদীচী'র সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা
আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগ। উদীচী সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন হবে এ কর্মশালার। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কর্মশালার ক্লাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন কামরুল হাসান ফেরদৌস। এবারের কর্মশালায় মূলত ভরত নাট্যম এবং লোকনৃত্যের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নৃত্য শিল্প বিষয়ে আরও ভালো করে জানা এবং এর চর্চা বৃদ্ধিই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
উদীচী’র নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশত টাকা। কর্মশালার আবেদনপত্রের জন্য এস এম নজরুল ইসলাম (০১৬৭৭-১৯৮৬৮৯) এবং কংকন নাগ (০১৯৩৩-৭৩০৬৬৮)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া, উদীচী কেন্দ্রীয় কার্যালয় (১৪ / ২, তোপখানা রোড-জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।