উদ্ধত লারা-মহেশ
প্রচলিত নিয়মানুযায়ী ১৬ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী লারা দত্ত ও টেনিস তারকা মহেশ ভূপতি বিয়ে নিবন্ধন করেন। ভূপতির মুম্বাইয়ের বাড়িতে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে নিবন্ধনের পর নবদম্পতি উড়াল দেন গোয়ার উদ্দেশে। সেখানে গত ১৯ ফেব্রুয়ারি একটি অভিজাত হোটেলে হয়ে গেল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্য অতিথিদের মতো যথারীতি গণমাধ্যমের লোকজনও উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেদিন তাঁরা গণমাধ্যমের লোকজনের সঙ্গে বেশ দুর্ব্যবহার করেন । সূত্রমতে জানা গেছে, গোয়ার ওই পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের লোকজন নবদম্পতিকে ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ করলে তাঁরা অস্বীকৃতি জানান। শুধু অস্বীকৃতি জানিয়ে ক্ষান্ত হননি তাঁরা। তাঁদেরকে কে বা কারা বিয়েতে নিমন্ত্রণ করেছেন, সে বিষয়েও জিজ্ঞেস করেন। বারবার অনুরোধ সত্ত্বেও লারা-মহেশ গণমাধ্যমের কাউকে ছবি তোলার সুযোগ দেননি। এদিকে গণমাধ্যমের লোকজন বলেছেন, লারা-মহেশ দম্পতি তাঁদের সঙ্গে যা করেছেন, সেটা না করলেও পারতেন। তাঁরা এও বলেন, তাঁরা জানেন এ নবদম্পতি বেশ ব্যস্ত। কিন্তু তাঁরা তো আর দশজন সাধারণ মানুষের মতো নন। তারকা বিধায় তাঁদের প্রতি ভক্তদের বাড়তি আগ্রহ সব সময়ই থাকে। সে আগ্রহের কথা মাথায় রেখেই তাঁরা কাজটি করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে যা ঘটেছে সেটা নিঃসন্দেহে অবিশ্বাস্য। গণমাধ্যমের লোকজন আরও জানান, লারা-মহেশ যদি বিয়েটার ব্যাপারে খুব বেশি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন, তাহলে তো তাঁদের কোনো আপত্তি থাকার কথা নয়। তার জন্য আনুষ্ঠানিকতা এমন কোনো দেশে করা উচিত ছিল, যেখানে কারও যাওয়ার আগ্রহই থাকত না। কিন্তু এমন একটা চমত্কার পরিবেশে লারা-মহেশের আচরণ সত্যি দুঃখজনক।