
কথা ছিল, জুলাইয়ে বাংলাদেশে মুক্তি পাবে আন্ডার কনস্ট্রাকশন। কিন্তু আপাতত তা হচ্ছে না।। জানা গেছে, ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ দিয়ে বাংলাদেশে শুরু হবে এই ছবির প্রদর্শনী। উৎসব শেষ হওয়ার পর ২২ জানুয়ারি ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতা রুবাইয়াত হোসেন।
পরিচালক বললেন, ‘আমার কিন্তু ঠিকই ইচ্ছা ছিল জুলাইয়ে ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু ওই সময়ের মধ্যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটি ঠিক করা সম্ভব হয়নি। এর মধ্যে আবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে। উৎসবের উদ্বোধনী দিনে আমার ছবিটি প্রদর্শনের প্রস্তাব দেয়। এসব কারণে ছবি মুক্তির সময়টা পিছিয়ে দিতে হয়েছে।’ এর আগে মেহেরজান ছবি নির্মাণ করে আলোচনায় আসেন রুবাইয়াত হোসেন। আন্ডার কনস্ট্রাকশন তাঁর দ্বিতীয় ছবি।
এই ছবিতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী, রাহুল বোস, শাহাদাত, মিতা রহমান, তৌফিকুল ইসলাম, রিকিতা নন্দিনী প্রমুখ।