উদ্বোধনী অনুষ্ঠানে রুনা সাবিনা ও মমতাজ
কাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী আসর। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য পর্বগুলো হলো—শংকর-এহসান-লয়ের কম্পোজিশনে শংকর মহাদেবনের কণ্ঠে বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ‘মার ঘুমাকে’। আরও গাইবেন সনু নিগম। তবে চমক হিসেবে রয়েছেন বিশ্বখ্যাত শিল্পী ব্রায়ান অ্যাডামস। আর এদের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন খ্যাতনামা তিন শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও মমতাজ। তিন শিল্পীর জন্য নির্ধারিত ১০ মিনিটের পর্বে প্রথমে মঞ্চে আসবেন সাবিনা ইয়াসমীন। তিনি নিজের গাওয়া তিনটি গানের মেডিল গাইবেন। গানগুলো হলো—‘উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘একটি বাংলাদেশ’। এরপর মঞ্চে আসবেন শিল্পী মমতাজ। তাঁর পরিবেশনায় থাকবে—‘খায়রুন লো’, ‘মরার কোকিলে’ এবং ‘নান্টু ঘটকের’। আর সবশেষে আসবেন শিল্পী রুনা লায়লা। তিনি গেয়ে শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’ এবং ‘দমাদম মাস্ত কালান্দার’। গানগুলোর কম্পাইল করেছেন জাহাঙ্গীর সাঈদ।