
২২ জুন থেকে শুরু হবে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলির চলচ্চিত্র বাহুবলী ২: দ্য কনক্লুশন। গত মঙ্গলবার উৎসব কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এশিয়া, ইউরোপ ও আমেরিকায় এ ছবি নিয়ে চলছে জোর আলোচনা। মূলত বাজেট, কাস্টিং, দীর্ঘ যুদ্ধের দৃশ্য ও নির্মাণশৈলী ছবির প্রতি দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। ব্যবসাসফলতা ও দর্শকপ্রিয়তার রেকর্ডের দিক দিয়ে ছবিটি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টি করেছে। রুশ চলচ্চিত্র সমালোচকেরা বলেন, এসব কারণেই ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচন করা হয়েছে বাহুবলী ২–কে।
উৎসবের শেষ দিন ২৯ জুন দেখানো হবে হলিউড নির্মাতা সোফিয়া কপোলার দ্য বিগাইল্ড। এ ছবির জন্যই সদ্য শেষ হওয়া ৭০তম কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হয়েছেন তিনি।
এদিকে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবি মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনীর জন্য ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। এর আগে ২০১২ সালে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত গেরিলা ছবিটি উৎসবে দেখানো হয়েছিল।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রাশিয়া তথা পূর্ব ইউরোপের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। এ উৎসব প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩৫ সালে। উৎসবের ৩৯তম আসরের প্রতিযোগিতা বিভাগ ৯টি দেশের ১১টি স্বল্পদৈর্ঘ্য, কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে।
আট দিনব্যাপী এ উৎসবের প্রতিযোগিতা পর্বে বিচারক প্যানেলের দায়িত্ব পালন করবেন ছয়জন। রাশিয়ার নির্মাতা আলেকসান্দর আদাবাশিয়ান, ফিনল্যান্ডের ইওর্ন ইওখান, স্পেনের আলবের্ট সেররা, ইরানের রেজা মিরকারিমি, ইতালির অভিনেত্রী অরনেল্লা মুতি, জার্মানির চলচ্চিত্র বিশেষজ্ঞ ব্রিগিটা মানথেয় নিয়ে গঠিত হয়েছে জুরিবোর্ড।