উদ্যমী এক সাহসী যুবক
>

শিল্পী নিতুন কুন্ডুর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে শিল্পী মৃত্যুবরণ করেন। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর শিল্পীকে নিয়ে প্রথম আলোর পাতায় স্মৃতিচারণা করেন আরেক বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। সেই লেখাটি আজ পাঠকদের জন্য আবার প্রকাশিত হলো।
নিতুন কুন্ডুর কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। কিন্তু দীর্ঘদিনের এত স্মৃতি, এত ঘটনা কি বলে শেষ করা যাবে? তাই এ মুহূর্তে যে কথাগুলো মনে পড়ছে, তা দিয়েই করছি স্মৃতিচারণা।
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আখড়ায় ছিল আমার আবাস। একদিকে মন্দির, অন্যদিকে আবাসিক বাড়ি। সেই বাড়িরই একটি ঘরে আমি উঠি সম্ভবত ১৯৫৭ সালে। অবনীকান্ত কর ছিলেন জজকোর্টের মোক্তার। তাঁর ছেলেমেয়েদের জন্য লজিং মাস্টার দরকার ছিল। আমি ম্যাট্রিক পাস করে লজিং মাস্টার হিসেবে এই বাড়িতে থাকা শুরু করি। ১৯৫৮ সালে দেবুদাকে (শিল্পী দেবদাস চক্রবর্তী) আমার পাশের ঘরে নিয়ে আসি। এ ঘরটা ছিল নাচঘর। বড় ঘর। দেয়ালে দেয়ালে আঁকা ছিল ম্যুরাল। দেবুদা ভাড়া দিতেন ১৫ টাকা। আমার খাওয়া ফ্রি ছিল, তবে থাকার জন্য দিতে হতো আট টাকা। নিতুনদারও তখন থাকার জায়গা নেই। দেবুদা তাঁর ঘরে নিয়ে এলেন নিতুনদাকে।
দেবুদা যখন ফাইনাল ইয়ারে, তখন নিতুনদা পড়েন দ্বিতীয় বর্ষে। আমি প্রথম বর্ষে।
দেবুদা ছিলেন খুব আড্ডাবাজ লোক। তাঁর ওখানে প্রতিদিনই আড্ডা হতো। সে আড্ডায় আসতেন রশীদ আহমেদ, সাদেক খান, রশীদ চৌধুরী। আরও অনেকেই আসতেন। এ মুহূর্তে সবার নাম মনে আসছে না।
নিতুনদা সকালেই বেরিয়ে পড়তেন কাজে। সন্ধ্যার আগে ফিরতেন না। দিনের বেলায় খাওয়াদাওয়া করতেন বাইরে, কিংবা কোনো কোনো দিন করতেনই না। আমি মাঝেমধ্যে নিতুনদার সঙ্গে বুড়িগঙ্গা পার হয়ে গ্রামে চলে যেতাম। সেসব জায়গায় গিয়ে কাজ শিখেছি। অসাধারণ দক্ষ শিল্পী ছিলেন নিতুনদা। সে সময় জলরং করতেন। খুব ভালো স্কেচ করতেন।
তখন নিতুনদা বাড়ি থেকে টাকা আনতেন না। খরচ চালানোর জন্য সিনেমার ব্যানার করতেন। তখন এ জেড পাশার স্টুডিও ছিল। সেখানে গিয়ে সিনেমার ব্যানার করতেন নিতুনদা। ব্যানার করে পাঁচ টাকা, দশ টাকা নিয়ে আসতেন। বেশ কষ্ট করেই কাজগুলো করতেন। নিতুনদা ঢাকায় এসেছিলেন সুভাষ দত্তের সঙ্গে। এসে আর্ট কলেজে ভর্তি হন।
দেবুদা ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। দেবুদার মাধ্যমেই নিতুনদার বন্ধুসংখ্যা বাড়তে থাকে। এরপর একসময় দেবুদার ঘরটিতে পার্টিশন দিয়ে আরও কয়েকজন এসে থাকা শুরু করেন। তাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্রের ক্যামেরাম্যান সাধন রায়, সুরকার সুবল দাস ও চলচ্চিত্র সম্পাদক প্রণব মুখার্জি।
নিতুনদা এই বাড়িতে বসেই বেহালা শিখলেন। মাঝেমধ্যেই বেহালা বাজাতেন তিনি। দেবুদা সরকারি চাকরি করার সময় এখান থেকে চলে যান গ্রিনরোডের সরকারি কোয়ার্টারে। নিতুনদাও চলে যান। পরে তিনি আজিমপুরের চায়না বিল্ডিংয়ের কাছে বাড়ি ভাড়া করে উঠে যান। সেই ভাড়াবাড়িতে তিনি বাবা-মাকে নিয়ে আসেন। চারুকলার ফাইনাল পরীক্ষা খুব ভালো হয়েছিল নিতুনদার। তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। খুব শখ ছিল চারুকলায় শিক্ষকতা করবেন। কিন্তু সেখানে তাঁর চাকরি হয়নি। তাই তিনি ইউএসআইএস লাইব্রেরিতে কাজে যোগ দেন। চারুকলায় চাকরি হলো না বলে তিনি মাঝেমধ্যেই আক্ষেপ করতেন। আমি বলতাম, ভালোই হয়েছে এখানে আপনার চাকরি না হয়ে। চাকরি হলে আপনি আমাদের মতোই এখানে পচে মরতেন। তিনি বলতেন, সেটাও ভালো ছিল রে।
দেবুদা চাকরি নেন আরমানীটোলা সরকারি বিদ্যালয়ের ড্রয়িং টিচার হিসেবে। এরপর দেবুদা চাকরি নেন কৃষি অধিদপ্তরে। সেখানেও চলত আড্ডা। আমি সে আড্ডায় বহুবার যোগ দিয়েছি।
বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনে আমরা অনেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। একুশে ফেব্রুয়ারিতে যে সংকলনগুলো বের হতো, সেগুলোর প্রচ্ছদ করতাম আমরা। শহীদ মিনারের আলপনা আঁকার সময় উপদেষ্টা হিসেবে নিতুনদা যোগ দিতেন। আমরাও সে কাজে থাকতাম। মুক্তিযুদ্ধ শুরু হলে অন্য অনেকের মতো আমি, নিতুনদাও ভারতে চলে যাই। স্বাধীনতার পর দেবুদা যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নিতুনদা পুরোনো চাকরিতে যোগ দেননি। বিটপীতে ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। তখন থেকেই নিতুনদা বলতেন, তিনি নতুন কিছু করতে চান। সে সময় তাঁর ছিল নানা ধরনের পরিকল্পনা। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ তাঁর ছিল না। এ রকম একটি সময় সোহরাওয়ার্দী উদ্যানে যে শিল্পমেলা হতো, তাতে কালিদাস কর্মকারকে নিয়ে তিনি একটি টেক্সটাইলের প্যাভিলিয়ন করেছিলেন। সেরা প্যাভিলিয়ন হিসেবে সেটি জিতে নিল প্রথম পুরস্কার। তখন বেশ কিছু পরিমাণ অর্থ এল তাঁর হাতে। এই টাকা দিয়েই তাঁর অটবির শুরু। একদিন নিতুনদার আজিমপুরের বাড়িতে গিয়ে দেখি, বেশ কিছু পাইপ কিনে এনেছেন। আমি তখন থাকি আজিমপুর পার্টি হাউসে। নিতুনদা বলতে গেলে প্রতিদিনই আমার বাড়িতে আসতেন। আলাপ হতো। আমিও তাঁর বাড়িতে যেতাম। তো, সেই পাইপগুলো দিয়ে তিনি কিছু ফুলদানি তৈরি করলেন। শুক্রাবাদে নিলেন একতলা একটি বাড়ি ভাড়া। কাঠ কিনলেন, মিস্ত্রি রাখলেন, লেদ মেশিন কিনলেন, টর্নিং মেশিন কিনলেন। তোপখানা রোডে বিটপীর অফিস ছিল। তার ওপরই কাঠের দোতলা তৈরি করলেন নিতুনদা। এ সময় বিটপীর কর্ণধার রেজা আলী তাঁকে আন্তরিক সহযোগিতা করেছিলেন।
নিতুনদা ছিলেন খুব জেদি মানুষ। তিনি মিরপুরে প্রথম ওয়ার্কশপ তৈরি করেন প্রায় এক বিঘা জায়গার ওপর। অটবি ভালোভাবে যাত্রা শুরু করল এখান থেকেই। এরপর দিলকুশায় দ্বিতীয় বাড়ি নেওয়া হলো। তারপর শ্যামপুর। তারপর গুলশান। এভাবেই তো অটবির জয়যাত্রা।
নিতুনদার সম্পর্কে বলতে গেলে যে কথাটিতে গুরুত্ব দিতে হয়, তা হলো, কোনো ব্যাপারেই তিনি ভেঙে পড়তেন না। সব কাজেই ছিল তাঁর উৎসাহ।
নিতুনদা বিয়ে করেন ১৯৭২ সালে। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। যখন কোথাও বেড়াতে যেতেন, মাঝেমধ্যে ছেলেমেয়েকে আমাদের কাছে রেখে যেতেন।
আমার ছেলের পরিবারে যখন নতুন সদস্য এল তখন নিতুনদা ছুটে এলেন হাসপাতালে। সদ্যোজাত মেয়েটাকে কোলে নিয়ে বসেই থাকলেন। ওকে খুব আদর করতেন। মৃত্যুর আগে এক মাস চীনে থাকাকালে তিনি যখন ফোন করতেন, তখন আমার নাতনির খবর নিতেন। চীন থেকে রাত দেড়টায় ঢাকায় এসে পৌঁছেছেন। আমাকে ফোন দিয়েছেন পরদিন সকাল নয়টায়। সেদিন ছিল অবরোধ। আমি জিজ্ঞেস করলাম, ‘আপনি কোথায়?’ বললেন, ‘ঢাকায়। এখন শ্যামপুরে আছি।’ তিনি সেদিন ফেরার পথে আমার নাতনিকে দেখে যাবেন বলেছিলেন। কিন্তু সে দেখা আর দেখে যেতে পারেননি তিনি।
তাঁর কথা মনে হলেই প্রথমে চোখে ভেসে ওঠে উদ্যমী এক সাহসী যুবকের মুখ। তাঁর বয়স বেড়েছিল, কিন্তু উদ্যম ফুরোয়নি।