সন্ত্রাস এখন জীবনের অংশ, অনুষঙ্গ। দৈনিক পত্রিকা প্রতিদিন সেই সত্যের মুখোমুখি করে দেয়। প্রতিদিনের অসংখ্য অভিজ্ঞতা, প্রতিবাদহীনতা ধীরে ধীরে সন্ত্রাসকে গ্রহণযোগ্য করে তুলছে সমাজে।
ক্যানভাসের ওপর অ্যাক্রিলিকে তা-ই বলছেন শিল্পী রিপন সাহা। গতকাল থেকে তাঁর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে মোহাম্মদপুরের কলাকেন্দ্র শিল্পালয়ে। শিরোনাম ‘সেলিব্রেটেড ভায়োলেন্স ৩: এ ক্যালকুলেটেড গেম’। চলবে ২৩ মে পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা।
রিপন সাহা বললেন, ‘চট্টগ্রামে যখন ছিলাম তখন বস্তির এক শিশুকে দেখেছিলাম, যার মরিচ খেলে ঝাল লাগত না। ব্যাপারটি যখন সে বুঝে গেল যে তার ঝাল না লাগলেও অন্যদের লাগে, তখন সে অন্য শিশুদের মরিচ খাইয়ে দিতে চাইত। এভাবে তার কাছে মরিচ হয়ে গেল অস্ত্র।’ শিল্পী বললেন, ছবিগুলোতে সন্ত্রাসের চিহ্ন হিসেবে এসেছে মানুষের দাঁত থেকে পিস্তল, গুলতি থেকে গ্রেনেড। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীকে পরিচয় করিয়ে দেন প্রদর্শনীর তত্ত্বাবধায়ক শিল্পী ওয়াকিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আরেক তত্ত্বাবধায়ক কেহ্কাশা সাবাহ্। শিল্পীর কাজ নিয়ে কথা বলেন শিল্প সমালোচক ও ডিপার্ট ম্যাগাজিনের সম্পাদক মোস্তফা জামান।