উদ্যাপনে অনীহা অক্ষয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার। ছবি: এএফপি
অক্ষয় কুমার। ছবি: এএফপি

সাফল্য এখন অক্ষয়ের ছায়াসঙ্গী। বছর শেষে গুড নিউজ তাঁর জন্য সত্যি সুখবর বয়ে এনেছে। আয়ের দিক থেকে সালমান খানের দাবাং থ্রি-কেও পেছনে ফেলে দিয়েছে অক্ষয়ের এই ছবি। ২০১৯ সালে চারটি ছবি মুক্তি পেয়েছে তাঁর, সব কটিই বক্স অফিসে পেয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। এই সাফল্য কীভাবে উদ্​যাপন করেন অক্ষয় কুমার? ব্যর্থতা তাঁকে কতটা ভাবায়? অক্ষয়ের জীবনের সত্যিকারের ‘গুড নিউজ’ কী? এই সব প্রশ্নের জবাব অক্ষয় দিলেন সম্প্রতি। কথা বললেন গুড নিউজ সিনেমার সাফল্য উদ্​যাপন নিয়ে।

কেশরি, মিশন মঙ্গল, হাউসফুল ফোর ও গুড নিউজ—এই ছিল অক্ষয় কুমারের ২০১৯ সালের কাজের তালিকা। প্রতিটি ছবিই বলিউড বক্স অফিসে ১০০ কোটি রুপির ওপরে আয় করেছে। তবে অভিনেতা হিসেবে এই একের পর এক সাফল্য অক্ষয়ের মাথায় চড়ে বসেনি। অন্য অনেকের মতো এই অভিনেতা সিনেমা বক্স অফিসে কোটি রুপির মাইলফলক ছাড়ালেই ‘সাকসেস পার্টি’তে মেতে ওঠেন না। অক্ষয়ের ভাষায়, ‘আমি কখনো সাফল্য উদ্​যাপন করি না। কখনো কি দেখেছেন আমাকে সাকসেস পার্টি দিতে? আমি সাফল্যের সময় শান্ত থাকি। ব্যর্থতাতেও আমি শান্ত থাকি।’ 

এই শান্ত অক্ষয়ের কাছে বক্স অফিসের জটিল হিসাব–নিকাশ নাকি নিছক সংখ্যার এদিক–সেদিক ছাড়া আর কিছু নয়। এই বলিউড তারকা বলেন, ‘বক্স অফিস একটা সংখ্যামাত্র। তবে নিশ্চয় এর গুরুত্ব আছে। আমি সব সময় চেষ্টা করি কম বাজেটের মধ্যে ছবি নির্মাণ করতে। আমি কোনো নির্মাতাকে চাপ দিই না। গুড নিউজ ছবিটি বানাতে খরচ হয়েছে মাত্র ৩৭ কোটি রুপি। তবে আমার পরবর্তী ছবি সূর্যবংশী একটু বেশি ব্যয়বহুল।’

গুড নিউজ ছবি ঘিরে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন অক্ষয়। ছবির বিষয় একটু সাহসী, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উন্নত প্রক্রিয়া ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) নিয়ে। ছবির বিষয়বস্তু ভাবগম্ভীর ও সংবেদনশীল শোনালেও শিশুদের নিয়েও মা–বাবারা ছবিটি দেখতে যাচ্ছেন। এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘খুব ভালো লাগছে যে মা–বাবারা তাঁদের বাচ্চাদের নিয়ে ছবিটা দেখতে যাচ্ছেন। যৌনতা নিয়ে ছুঁতমার্গ ধীরে ধীরে কমছে। প্রতিটা অভিভাবকের উচিত তাঁদের সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করার।’ 

কথায় কথায় অক্ষয় বললেন তাঁর বোন অলকা ভাটিয়ার কথা। বোনের জন্মানোর মুহূর্তটা আজও ভুলতে পারেননি এই বলিউড তারকা। অক্ষয় বলেন, ‘আমার বোন যখন জন্মালো, সেটা ছিল সবচেয়ে খুশির মুহূর্ত এবং আমার জীবনের প্রথম “গুড নিউজ”।’ এরপর দুবার এই বলিউড তারকার জীবনে গুড নিউজ এসেছে। সেগুলো ছিল তাঁর দুই সন্তান—আরব ও নিতারা-এর জন্মের সময়। অক্ষয় কুমার বলেন, ‘আমার মনে হয় বাবা হওয়ার অনুভূতি মায়েদের থেকে একদম আলাদা হয়। আমার ছেলে আরব জন্মানোর প্রায় তিন মাস পর আমি পিতৃত্ব অনুভব করেছি।’

আজ তিন দশক ধরে বলিউড সাম্রাজ্যে রাজত্ব করছেন অক্ষয় কুমার। খান, কাপুরদের একাই টক্কর দিচ্ছেন। তবে অক্ষয় এ ধরনের প্রতিযোগিতায় বিশ্বাসী নন। তিনি বলেন, ‘আমি জানি না “খান বা কাপুর”-এর সংজ্ঞা কী। এখানে আমরা একটা পরিবারের মতো। এ ধরনের কোনো চাপ আমি নিতে চাই না। আমরা প্রত্যেকে এখানে যে যার মতো ভালো কাজ করার চেষ্টা করছি। আর প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করছি।’

নবীন নির্মাতাদের সঙ্গে কাজ করার এখন রীতিমতো অক্ষয়ের শখ হয়ে দাঁড়িয়েছে। গুড নিউজ ছবির পরিচালকও তরুণ, নবাগত রাজ মেহেতা। এ নিয়ে অক্ষয় কুমার ২১তম বারের মতো একজন নবাগত পরিচালকের সঙ্গে কাজ করলেন। এই বলিউড সুপারস্টার নাকি নবাগত পরিচালকের মধ্যে বিশুদ্ধতা আর ভরপুর আবেগ খুঁজে পান। নতুন পরিচালকের সঙ্গে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ, এর জবাবে অক্ষয় কুমার বলেন, ‘পুরোনো পরিচালকের সঙ্গে কাজে ঝুঁকি নেই কে বলল? ছবি নির্মাণই ঝুঁকিপূর্ণ ব্যবসা। সব সময় নির্ভর করে দর্শক ছবিটা পছন্দ করলেন কি করলেন না। তাই এখানে নতুন বা পুরোনো বলে কিছু নেই। আমি মনে করি অভিজ্ঞ পরিচালকেরা নতুন নতুন নিরীক্ষা করতে চান না, যেটা নতুনেরা করতে পারেন।’